নির্বাচনকালীন সরকারের রূপরেখা চায় ওয়ার্কার্স পার্টি
নির্বাচনের সময়ে সরকারের রূপরেখা ঠিক করে নির্বাচনে সব দলের অংশগ্রহণের উপর জোর দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার দলটির পলিটব্যুরোর সভার সমাপনী দিনে এলক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
দুই দিনের পলিটব্যুরোর সভায় আগামী নির্বাচনে দলের প্রস্তুতি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে পলিটব্যুরোর সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে বিএনপি-জামাত জোটের অনড় অবস্থান নির্বাচনকেই অনিশ্চিত করে তুলেছে।
“বস্তুতঃ নির্বাচন নয়, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে বানচাল করার লক্ষ্যে একটি সংঘাতময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।”
সভায় যুদ্ধাপরাধের বিচারের দেয়া রায়গুলোর দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধ করাসহ তাদের আর্থিক উৎস বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান ও ফজলে হোসেন বাদশা।
