২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওরা ক্ষমতা পেলে যুদ্ধাপরাধীদের মুক্তি দেবে’

সরকারের কোনো ত্রুটি থাকলে তা ভুলে গিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য  বলেন, “আমাদের ছোট খাটো ভুল-ত্রুটি থাকতে পারে। সেই ভুল-ত্রুটির কথা ভুলে গিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে হলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

“স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত ক্ষমতায় এলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”

আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার আব্দুল মালেক উকিলের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম।

Image
মোহাম্মদ নাসিম, ফাইল ছবি

মোহাম্মদ নাসিম, ফাইল ছবি

আগামীতে স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আনলে চরম ভুল হবে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “তারা ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের মুক্ত করে দেবে। বৃহস্পতিবার বিএনপি নেতাদের বক্তব্যের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।”

একাত্তরে গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ের পর বৃহস্পতিবার এক সমাবেশে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করলে দেশে আইনের শাসন ফিরে আসবে। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাবেন। অন্যায়ভাবে যারা কারাগারে বন্দি হয়ে আছেন তারা মুক্তি পাবেন।

আওয়ামী লীগ আবার বিজয়ের ধারায় ফিরে এসেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, “আওয়ামী লীগ শত্রুর মুখে ছাই দিয়ে, নিন্দুকের মুখে ছাই দিয়ে আবার বিজয়ের ধারায় ফিরে এসেছে। বরগুনার উপনির্বাচনই তার প্রমাণ। বরগুনার উপনির্বাচনে বিএনপি দলীয়ভাবে প্রার্থী না দিলেও আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকাতে অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি।”

নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা গঠনের বিষয়ে কোনো বক্তব্য দেননি বলেও দাবি করেন নাসিম।

তিনি বলেন, “আমি গতকাল (বৃহস্পতিবার) যে বক্তব্য দিয়েছি তা সঠিকভাবে লেখা হয়নি। আমি বলেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছোট মন্ত্রিসভা হবে। আর এই মন্ত্রিসভা গঠনের ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর। ১৬ সদস্যের মন্ত্রিসভা হবে এমন কথা আমি বলিনি।”

মালেক উকিলের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, মালেক উকিল পঞ্চাশের দশক থেকেই বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৫ অগাস্টের পর মালেক উকিল আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত ও সংগঠিত করেন।