‘প্রার্থীর চেয়ে মার্কা বড়’
প্রার্থী না দেখে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দলীয় সভানেত্রীর ছেলে বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না।
নির্বাচন সামনে রেখে দুই দিনের প্রচারাভিযানের দ্বিতীয় দিন সোমবার দুপুরে টাঙ্গাইল সদরে ভাসানী মিলনায়তনে আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য দেন জয়।
বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবে না।”
জাতীয় নির্বাচনে কে দলীয় প্রার্থী হবে- তা মাথায় আনা যাবে না বলে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রীপুত্র।
শেখ হাসিনাও সম্প্রতি দলের তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একই কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ‘জনরায়’ চেয়ে তিনি বলেন, “দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে।”
টাঙ্গাইল শহরে যাওয়ার আগে মধুপুরের রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভবিষ্যতের উন্নয়নের স্বার্থে তরুণদের আওয়ামী লীগের পক্ষে থাকার আহ্বান জানান জয়।
তিনি বলেন, “তরুণরা আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের ভবিষ্যতের জন্য কাজ করছি।”
যুদ্ধাপরাধীদের সাজা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগকে নির্বাচিত করার বিকল্প নেই বলে মনে করেন জয়।
“একাত্তরের যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়।”
“তাই সামনের নির্বাচন শুধুই একটি সাধারণ নির্বাচন নয়। একাত্তরের বিপ্লব শেষ করার নির্বাচন এটি। আওয়ামী লীগ জয়ী হলে স্বাধীনতাবিরোধী শক্তিকে আমরা মুছে ফেলতে পারব।”
এই ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার জন্য আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি।
বক্তৃতায় কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন জয়।
রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তাকে স্বাগত জানান।
মধুপুর থেকে বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদরের উদ্দেশে ঘাটাইল মোড়ে পৌঁছায় জয়ের গাড়িবহর। সেখানে কয়েক হাজার মানুষ তার গাড়িবহর ঘিরে ধরে। গাড়ি থেকে নেমে রাস্তার ওপরেই সমবেতদের শুভেচ্ছার জবাব দেন জয়।
মধুপুর থেকে টাঙ্গাইলের পথে রাস্তার দুপাশে যেখানে বাজার আছে, সেখানেই হাজার হাজার নারী-পুরুষ জয়কে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন স্কুলের পাশে শিক্ষার্থীরাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী লীগকে ভোট দিতে বলেন প্রধানমন্ত্রীর ছেলে।
দুপুরের পর টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে ঢাকার পথে রওনা হন জয়। পথে মির্জাপুরের জামুর্কীতে এক পথসভায় বক্তব্যে বিদ্যুৎ, কৃষি, অর্থনীতি, তথ্য প্রযুক্তি ও আইনশৃঙ্খলাসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে ভোট চান তিনি।
এরপর কালিয়াকৈরের চন্দ্রায় দিনের শেষ পথসভা করেন প্রধানমন্ত্রী। কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে এখানে একটি আধুনিক মানের নতুন শহর গড়ার পরিকল্পনা রয়েছে তাদের।
কালিয়াকৈর থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে পৌছান প্রধানমন্ত্রীপুত্র।
তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভোটের আগে তাদের চাঙ্গা করতেই ময়মনসিংহ অঞ্চলে জয়ের এই সফর বলে আয়োজকরা জানিয়েছেন।
রোববার ঢাকা থেকে রওনা হওয়ার পর টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা কলোনি মাঠ ও গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুটি পথসভা করেন জয়।
তিনি দুপুরে ময়মনসিংহ পৌঁছে বিকালে মুক্তাগাছা পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয়ের মাঠে এক পথসভা এবং ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জিমনেসিয়ামে এক কর্মীসভায় অংশ নেন। রাতে ময়মনসিংহে থেকে সোমবার টাঙ্গাইল যান তিনি।
