২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে সমান সুযোগ দেয়ার আহ্বান আইপিইউ’র

বিশ্বের প্রত্যেকটি দেশের বিরোধী দলকে তাদের মতামত প্রকাশে সমান সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 11:08 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বিশ্বের ১৬২টি দেশ নিয়ে গঠিত এই সংগঠনের প্রেসিডেন্ট আবদেল ওয়াহেদ রাদি বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এক বিবৃতি দেন রাদি, যা জাতীয় সংসদ সচিবালয় সরবরাহ করেছে।  

‘স্ট্রেনদেনিং ভয়েস ফর ডেমোক্রেসি’ স্লোগানকে সামনে রেখে এবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ২০০৮ সাল থেকে এই দিনটি পালন করছে।

আবদেল ওয়াহেদ রাদি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে সহজে গ্রহণ না করে যদি তাদের কণ্ঠ রোধ করা হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

 “রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জনগণ বাধার শিকার হলে এবং রাজনৈতিক বক্তব্যকে উপেক্ষা করলে কী ঘটতে পারে, মিশর ও সিরিয়ায় ভয়াবহ সহিংসতা ও বিভক্তি এবং সাম্প্রতিক সময়ে অন্য কয়েকটি দেশে গণবিক্ষোভ প্রদর্শন এর প্রত্যক্ষ সাক্ষী।”

ভিন্ন রাজনৈতিক মতের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে অনেক সংঘাত ও সঙ্কটের সমাধান আসবে বলে মনে করেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, সংসদ-সদস্যদের মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইপিইউ’র কমিটি গড়ে প্রতি বছর ৪০টির বেশি দেশে জীবন ও জীবিকা হুমকির সম্মূখীন হয়েছেন এমন প্রায় ৩০০ সংসদ-সদসের‌্য বিভিন্ন মামলা নিয়ে কাজ করেছে। এর ৭৯ শতাংশই বিরোধী দলের সদস্য।

২০১২ সালে মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইপিইউ’র কমিটি যে সব মামলা নিয়ে কাজ করছে তার মধ্যে ১৩ শতাংশের অধিক সংসদ-সদস্যদের হত্যা সংক্রান্ত এবং ৪৮ শতাংশ অযৌক্তিক গ্রেপ্তার ও আটক সম্পর্কিত।