খালেদা খুনি-যুদ্ধাপরাধীদের রক্ষায় ব্যস্ত: হাসিনা
বিডিআর বিদ্রোহ এবং যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনি ও যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আগামী নির্বাচনের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে এই মতবিনিময় সভা হয়।
শেখ হাসিনা বলেন, “খুনিদের রক্ষা করা বিএনপি নেত্রীর চরিত্র। জাতির পিতার হত্যাকারীকে তিনি লিডার অফ দি অপজিশনের চেয়ারে বসিয়েছেন। এখন যুদ্ধাপরাধীদের রক্ষায় উনি নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।”
২০০৯ সালের ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ ও সামরিক বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডে বিএনপি চেয়ারপারসনের সম্পর্ক ছিল বলে দাবি করেন আওয়ামী লীগ সভানেত্রী।
“ওই দিন তিনি কালো কাঁচের গাড়ি করে পালালেন কেন? আর, এই হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করছেন কেন? এর জবাব বিরোধীদলীয় নেত্রীকেই দিতে হবে।”
“এই যে বিডিআর বিদ্রোহ, সেনা অফিসারসহ সাধারণ মানুষ মারা গেল- এটার সঙ্গে তার (খালেদা জিয়া) নিশ্চয়ই সম্পর্ক ছিল?”
শেখ হাসিনা বলেন, “আপনারা যদি বিডিআর হত্যাকাণ্ড দেখেন। যখন ওই মিউটিনি শুরু হল, সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে। ঠিক তার এক-দেড় ঘণ্টা আগে, সেদিন কী কারণে তিনি সাড়ে ৭টা-৮টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরে গেলেন?”
“তিনি লিডার অফ দি অপজিশন। তিনি তো সরকারি গাড়ি পান, সিকিউরিটি পান, পুলিশ পান। কিন্তু, কোনো কিছু না নিয়ে- কালো কাঁচের গাড়িতে তিনি বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? কেউ জানে না।”
“ক’দিন তিনি লুকানোই থাকলেন। দেড় মাসের মতো তিনি সেখানে (ঢাকা সেনানিবাসের তৎকালীন বাসভবনে) যাননি। রহস্যটা কী? জবাব উনি জাতির কাছে দেবেন কি না?”
বিদ্রোহের ঘটনা খালেদা জিয়া জানতেন দাবি করে শেখ হাসিনা বলেন, “এই হত্যার জন্য তিনি দায়ী।
“এরও কিছুটা প্রমাণ পাওয়া যায়। যারা মিউটিনির সঙ্গে জড়িত- তাদের বিচার হয়েছে। এখন হত্যার বিচার হচ্ছে। এই সাড়ে আটশ আসামির পক্ষে আইনজীবী কারা?”
“যারা আমার সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করেছে- তাদের বাঁচাতে এত তৎপরতা কোনো? তাদের এত ইন্টারেস্ট কেন?”
শেখ হাসিনা আরো বলেন, “একজনের পক্ষে একসাথে ঝাঁকে ঝাঁকে আইনজীবী দাঁড়িয়ে যাচ্ছে। একজন কতজন আইনজীবী নিয়েছে? এরা নানা ভাবে বিচার দেরি করতে চাচ্ছে।”
