দমনের অস্ত্র বানাতে আইসিটি আইন সংশোধন: বিএনপি
বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের দমনের উদ্দেশ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইন সংশোধন করা হয়েছে অভিযোগ করে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অসৎ ও হীন রাজনৈতিক উদ্দেশ্যে সংসদকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে এই সংশোধনীটি মন্ত্রিসভায় অনুমোদন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।
“বিএনপি মনে করে, এটা ব্যক্তি চিন্তা ও ভিন্ন মতাবলম্বীদের দমন-পীড়নের হাতিয়ার হিসেবে সরকার ব্যবহার করবে। তারা বিরোধী দলের নেতৃবৃন্দের ওপরও এই আইন প্রয়োগ করবে।”
তাই অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান তিনি।
গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) সংশোধনী আইন-২০১৩ অনুমোদন দেয়া হয়। পরদিন তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।
ফাইল ছবি
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে এই সংবাদ ব্রিফিং হয়।
এ সময় অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমূখ উপস্থিত ছিলেন।
