২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্দলীয় সরকার নিয়ে সংলাপ হলে বিএনপিও আছে’

নির্দলীয় সরকারের দাবি সরকার মেনে নিলে যে কোনো স্থানে সংলাপে বিএনপি রাজি বলে জানিয়েছেন ওসমান ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সঙ্কট অবসানে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান।

ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীও সংলাপের আশাবাদ প্রকাশ করেন।

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিপরীত অবস্থান নিয়েছে। বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানালেও আওয়ামী লীগ বলছে, নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওসমান ফারুক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে।

“আমরা যে কোনো জায়গায়, যে কোনো সময় সংলাপ করতে চাই। তবে তা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে।”

“দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকার চায়। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার এখনো সময় রয়েছে।”

সাবের হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি সংলাপ হবে।

“আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ নির্বাচন করা। সেই লক্ষ্যে পৌঁছনোর কৌশল বের করতে হবে আমাদের।”