সাতক্ষীরা জেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত
সাতক্ষীরার দলীয় কর্মী সভায় দুই গ্রুপের সংষর্ষের পর জেলা কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।
শুক্রবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা বিএনপির কর্মী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান নিহত হন। আহত হন অন্তত ছয়জন।
এ সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির কর্মী সমাবেশ পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে কর্মী সমাবেশে মঞ্চে আসনগ্রহণ, অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দলের জেলা সভাপতি হাবিবুল ইসলাম গ্রুপ ও জেলা সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়।
