নির্বাচন সংবিধান অনুযায়ীই: প্রধানমন্ত্রী
বিরোধী দলের প্রবল আপত্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বললেন, দলীয় সরকারের অধীনে সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন হবে।
“নির্বাচন সংবিধান মোতাবেক হবে সেটাই আমাদের লক্ষ্য। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সংবিধান অনুযায়ী নির্বাচন কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। যাতে দেশ ও জাতিকে বার বার অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে না হয়।”
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়ার শুরুতে বুধবার গণভবনে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পঞ্চদশ সংশোধনের পর সংবিধানের বর্তমান ধারা অনুযায়ী, সংসদ বহাল রেখে বর্তমান সরকারের অধীনে আগামী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে।
গত সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি উল্লেখ করে সচিবদের নির্বাচনকালীন সরকারের বিষয়ে নির্দেশনা দিলে তীব্র প্রতিক্রিয়া জানায় নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মাধ্যমে সমঝোতার পথ বন্ধ হয়ে গেল।
বিরোধী দলের দাবি উপেক্ষা করে আসা শেখ হাসিনা বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত ও সংবিধানকে সমুন্নত রেখে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের সূচনা আমরাই করব।
“নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করব,” একথা বলে ১৯৯৬ সালে মেয়াদ শেষ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও তুলে ধরেন তিনি।
বিরোধী দলের দাবি, নির্দলীয় সরকার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। অন্যদিকে শেখ হাসিনা বলে আসছেন, নির্বাচনে কোনো হস্তক্ষেপ হবে না এবং যে কোনো ফল মেনে নিতে তিনি তৈরি।
জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “নানা ধরনের মুখরোচক কথা বলে উর্দি পড়ে ক্ষমতা দখল করে। তারপর, তারা উর্দি ছেড়ে রাজনীতিবিদ হয়ে যায়!
প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “আমরা যাদের সঙ্গে নির্বাচন করি, তাদের জন্ম কিভাবে? তারা আগে ক্ষমতা দখল করে, তারপর দল গঠন করে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “মিলিটারি ডিকটেটররা ক্ষমতা কলুষিত করেছে। আমরা তা আর করতে দিতে চাই না।”
“আওয়ামী লীগের জনগণের জন্য দায়িত্ব রয়েছে। সেজন্য, আমরা সংবিধান সংশোধন করেছি।”
আগামী নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে মতবিনিময়ের প্রথম দিনে দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ভোলা জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
প্রতিটি আসনের তৃণমূলের নেতাদের তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করতে বলেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী। সেইসঙ্গে একশ’তে কাকে কত নম্বর দেবেন, তা-ও লিখে দিতে বলেন।
