২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তর্বর্তী’ সরকারের কার্যক্রম সচিবদের বললেন প্রধানমন্ত্রী

ক্ষমতায় থাকলেও নির্বাচনকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নেবে না বলে সচিবদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 07:04 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

ওই ব্যবস্থায় কাজ করার জন্য নিজেরা প্রস্তুত রয়েছেন বলে সচিবরাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচিত অর্থাৎ বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ই পরবর্তী জাতীয় নির্বাচন হবে।

সংসদের মেয়াদ উত্তীর্ণের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে।

সেক্ষেত্রে ২৪ অক্টোবরের পর মহাজোট ক্ষমতায় থাকলেও নীতিগত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলেই সোমবার সচিবদের জানিয়েছেন প্রধানমন্ত্রী।

“ওই ব্যবস্থায় কাজ করার জন্য সচিবরা প্রস্তুত রয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন,” বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাড়ে তিন ঘণ্টা ধরে সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব সভা শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সময়ের সরকারের কার্যক্রম সম্পর্কে সচিবদের ধারণা স্পষ্ট করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, “সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারের মেয়াদ আছে। এর আগের ৯০ দিন সংসদ থাকলেও এই সময় সংসদ অধিবেশন বসবে না বলে সংবিধানের বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।”

সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল যেভাবে হয়, তা পর্যবেক্ষণ করতেও সচিবদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বর্তমান ধারা অনুসরণ করে নির্বাচনের কথা বললেও প্রধান বিরোধী দল বিএনপির এতে আপত্তি রয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা। 

সচিব সভায় ৫৮ জন সচিব উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৩ জন বক্তব্য দিয়েছেন।

বর্তমান সরকারের সময় এর আগে আরো পাঁচটি সচিব সভায় উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সোমবারের সভায় তার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী গত চার বছর আট মাসের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে বলেছেন।

মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং বার্ষিক ‍উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকার প্রশংসাও প্রধানমন্ত্রী করেন বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী প্রচলিত বিধি-পদ্ধতি সংস্কারের ওপর জোর দেন। কিছু কিছু ক্ষেত্রে জটিল হওয়ায় তা সহজ করতে বলেন তিনি।

আগামীতে ক্ষমতায় যেতে পারলে সব ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথাও প্রধানমন্ত্রী বলেছেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সহযোগিতার প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রীকে দেন সচিবরা।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শিগগিরই শেষ করতে প্রধানমন্ত্রী সচিবদের তাগিদ দিয়েছেন বলে জানান মোশাররাফ।

নাশকতা ও সন্ত্রাস কার্যকরভাবে মোকাবেলায় প্রধানমন্ত্রী তার অবস্থানও তুলে ধরেন।  

সচিবদের চাওয়া

সচিবরা প্রধানমন্ত্রীকে স্থায়ী পে-কমিশন দ্রুত কার্যকর, আবাসন সমস্যা সমাধানসহ বেশ কিছু দাবি জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সরকারি চাকরির কাঠামো এমন হওয়া উচিত যেন মেধাবীরা এতে আকৃষ্ট হয় এবং তাদের ধরে রাখা যায়। নইলে সবাই প্রাইভেট খাতে চলে যাবে। আর এটা হলে সরকার মেধাশূন্য হয়ে যাবে।”

সরকারি কর্মকর্তাদের অবসর পরবর্তী বিভিন্ন বিষয়ও বিবেচনায় রাখার জন্য সচিবরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সঙ্কট নিয়ে সচিবরা প্রধানমন্ত্রীকে জানালে প্রধানমন্ত্রী এই সমস্যা সমাধানে অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের পরামর্শ দেন।

বিভিন্ন আদালতে সরকারকে পক্ষ করে যেসব মামলা করা হয় সেসব মামলা কার্যকরভাবে পরিচালিত করতে সচিবরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বলেও জানান মোশাররাফ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, প্রশাসনে উদারভাবে পদোন্নতি দেয়া হচ্ছে।”

পদের অতিরিক্ত পদোন্নতি দেয়ার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিব ৮০’র দশকে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেয়ার বিষয়টি তুলে ধরেন।

“এদের সবাই পদোন্নতির যোগ্য হয়েছেন। এটা বিশেষ কেস হিসাবে এসেছে। তবে একই ব্যাচে অনেক লোক নিয়োগ হলে সবাই সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেন না।”