২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাখতে পারব না, এমন কথা দেব না: ওবায়দুল কাদের

‘অবাস্তব’ কোনো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

“এমন কথা দেব না, যে কথা রাখতে পারব না,” বলেছেন তিনি।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

গত একমাসে তিনি তিনবার কেরানীগঞ্জের ওই রাস্তার মেরামত কাজ দেখতে যান।

বুড়িগঙ্গা সেতুর ওপর বাস স্ট্যান্ড কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ইজারা নেয়া বন্ধ করা হলে বাস স্ট্যান্ডও থাকবে না।

অচিরেই কি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোল ইজারা বন্ধ হবে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের প্রশ্নকারী সাংবাদিককে বলেন, “সব কথা মন্ত্রীর কাছে জানতে চাইবেন না এবং মন্ত্রীকে দিয়ে সব কথা বলানোর চেষ্টা করবেন না।”

প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ দেখতে কয়েকদিন আগেও এসেছিলেন মন্ত্রী। সেদিন তিনি ঠিকাদারের কাছে জানতে চেয়েছিলেন, কত দিনের মধ্যে শেষ হবে?

উত্তরে ঠিকাদার মন্ত্রীকে বলেন, ১০ দিন লাগবে। মন্ত্রী তখন বলেন, একাদশ দিনে আমি আসব।

এরপর ত্রয়োদশ দিনে ওই সড়কের কাজ দেখতে যান ওবায়দুল কাদের।

সড়কের কাজে সন্তুষ্ট কি না- জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভালই মেরামত হয়েছে রাস্তাটি।”

পুরনো খবর:

‘মনে হয়, এনালগই ভালো ছিল’
আমি পেরেছি: যোগাযোগমন্ত্রী
‘রাস্তায়’ থাকবেন ওবায়দুল কাদের