২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মনে হয়, এনালগই ভালো ছিল’

ছাত্রলীগের বর্তমান কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থক সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

তার মতে, নিজেরা মারামারি করে ‘শক্তিহীন’ হয়ে যাওয়ার কারণেই ছাত্রলীগ এখন প্রতিপক্ষের আক্রমণের শিকার হচ্ছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “ভাবছি, এখন তো ডিজিটাল যুগ। আমি তো এনালগ যুগের ছাত্রনেতা। এর মিল কোথায় আর অমিল কোথায়?

“তবে চারদিকের দৃশ্যপট দেখে মাঝে মাঝে মনে হয়, এনালগই ভালো ছিল।”

“গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের যে দৃশ্যপট আমরা দেখেছি, শোক দিবসের অনুষ্ঠানে কে আগে বসবে আর কে পরে বসবে, তা নিয়ে মারামারি। এটা দেখে টুঙ্গীপাড়ায় শুয়ে বঙ্গবন্ধু কি কষ্ট পাননি,” সংগঠনটির কর্মীদের উদ্দেশে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিরূপ সময়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী কাদের বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের হাত-পায়ের রগ কাটা হল। যশোরে দিনের বেলায় ছাত্রলীগের অফিসে হামলা হল। আর তোমরা কে আগে বসবে আর কে পরে বসে সেটা নিয়ে মারামারি কর?

“তুমি নিজে নিজে মারামারি করে শক্তিহীন হয়ে গেছ। তাই তোমার ওপর এই আক্রমণ। আমরা এখন ক্ষমতায় আর আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। এটা শুনতে কেমন লাগে? আমি পূর্বসুরী হিসাবে হতাশ।”

“রাজশাহীতে হামলা হল, আমি এর প্রতিবাদে একটা জঙ্গি মিছিলও দেখলাম না। পুলিশের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠান আমরা চাই না। বিরোধী দলে গেলে পুলিশ কি থাকবে?”

শোক দিবসের এই আলোচনা সভায় তিনি বলেন, “শোকের আবেগের-প্রেমের মুজিবের চেয়ে এখন চেতনায় মুজিবের বেশি প্রয়োজন।

“নিজেদের সঙ্গে মারামারির এত শক্তি কোথা থেকে আসে? যেখানে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলায় শক্তি পাওয়া যায় না।”

নিজের এক সময়ের সংগঠনের এই সমালোচনার পর ওবায়দুল কাদের বলেন, “হয়তো ভবিষ্যতে আমাকে আর আমন্ত্রণই করা হবে না। তবে এটা আত্মসমালোচনা, আর তা করি সকলের ভালোর জন্য।”

ছাত্রলীগের বর্তমান নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর জীবনী পড়ার পরামর্শ দেন সাবেক এই ছাত্রনেতা।

“বাবা ছাত্রলীগ করেছেন বলে তোমাকে ছাত্রলীগ করতে হবে- এরকম কর্মী আমাদের দরকার নাই। আমাদের দরকার চেতনায় উজ্জীবিত ছাত্রলীগ। পড়াশোনা না করলে নেতারা ব্যবহার করবে স্বার্থ রক্ষার পাহারাদার হিসাবে। থার্ডক্লাস পাওয়া ব্যক্তিকে দেখি আজ ছাত্রনেতা!”

ওবায়দুল কাদের বলেন, “অনেকে বলেন, ১৫ অগাস্টে যে জিয়া জড়িত এটার কি প্রমাণ আছে? আমি বলি, খুনিদের বিচার করার পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা কি প্রমাণ নয়?

২১ অগাস্টের হামলা নিয়ে খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “প্রমাণ কেন ধ্বংস করলেন, কেন জজ মিয়া নাটক সাজালেন? কেন এফবিআইকে তদন্ত করতে দিলেন না। স্কটল্যান্ড ইয়ার্ডকে আসতে দিলেন না কেন?”

১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের পালনেরও সমালোচনা করেন মন্ত্রী।

‘নেত্রীর মুখরক্ষার চেষ্টা করছি’

যোগাযোগমন্ত্রী হিসেবে নিজেকে এখনো ‘সফল’ দাবি না করে ওবায়দুল কাদের বলেন, “তবে সফল হওয়ার চেষ্টা করছি। নেত্রী একটি দুঃসময়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নেত্রীর মুখরক্ষার চেষ্টা করছিভ

“আমি সপ্তাহে সাত দিন কাজ করি। কোনোদিন এমনকি শুক্রবারেও ছুটি নিই না। আমি কোনো বিদেশ সফর করি না।”

“শোকের মাসে প্রতিদিন আমার তিন-চারটা অনুষ্ঠান থাকে। এবার ইডেন কলেজে শিক্ষকদের একটা অনুষ্ঠানে গেছি। আজকের এটাতে আসলাম আর ২৭ অগাস্ট একটা অনুষ্ঠান আছে। আর সবাইকে না করে দিয়েছি।”

“আজ এখানে আসলাম। তিন ঘণ্টা চলে গেল। তিন ঘণ্টায় তিনটা রাস্তা আমি দেখতে পারতাম। আর তা করলে দেশের মানুষ উপকৃত হত।”

বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হতাশাও প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

“রাস্তায় বেরুলে দেখি, অমুকের নামে পোস্টার, তমুকের নামে পোস্টার। আমার নামে কোনো পোস্টার নেই। অনেকেই বঙ্গবন্ধু ছবি ব্যবহার করে, সেই পোস্টারে নিজের বড় একটা ছবি দিয়ে পোস্টার টানায়। বঙ্গবন্ধু ছবিসহ নিজের বড় ছবি দিয়ে পোস্টার টানিয়ে অপকর্ম করে বেড়াবে এটা চলতে দেয়া যায় না।”

“রাস্তায় বেরুলে দেখি ছবি আর ছবি। এভাবে রাস্তায় ছবি স্থাপন করলে হবে না। ছবি স্থাপন করতে হবে অন্তরে। পোস্টারের ছবি ক্ষয়ে যাবে, হৃদয়ের ছবি রয়ে যাবে।”

টিএসসিতে এই সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সম্পাদক ড. আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় এই সভা হয়।

পুরনো খবর:

ছাত্রলীগ কর্মীদের সহিংসতায় জড়াতে মানা