ছাত্রলীগ কর্মীদের সহিংসতায় জড়াতে মানা
সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
আগামী নির্বাচন পর্যন্ত কোনো সহিংসতায় না জড়াতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার এক সভায় নাজমুল বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত আর কোনো সহিংস ঘটনায় আমরা নিজেদেরকে সংযুক্ত করবো না।
সংগঠনের শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বের দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, “অবশ্য আমাদেরও ব্যর্থতা রয়েছে। আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি।”
শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারো ক্ষমতায় এলেই দেশ ও দেশের মানুষ ভাল থাকবে বলে মনে করেন ছাত্রলীগ সভাপতি।
তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, যে কোনো মূল্যে দেশরত্ন শেখ হাসিনাকে আবার রাষ্ট্র পরিচালনায় আনতে হবে।”
দেশজুড়ে শিবির সন্ত্রাস ও তাণ্ডব প্রতিরোধে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে জামায়াতে-শিবিরের সন্ত্রাসের কথা উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, সম্প্রতি তারা রাজশাহীতে ছাত্রনেতা তুহিনের উপর হামলা চালিয়ে রগ কেটে দিয়েছে। রগ কেটেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রুহুল আমিনেরও। অতীতেও মতিহারের সবুজ চত্বর তাদের হামলায় বারবার ক্ষত বিক্ষত হয়েছে।
তিনি বলেন, “আগামী ২৭ অগাস্ট আমরা সেই মতিহারের প্রান্তরেই ছাত্র সংগ্রাম পরিষদ সেখানে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবো।”
জামায়াত-শিবিরকে জঙ্গী সংগঠন হিসাবে ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানান ছাত্রলীগ সভাপতি।
সকালে টিএসসিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের অধ্যাপক আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
