বিভেদ ভুলে আন্দোলনের ডাক নোমানের
নগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিরোধের এক মাসের মাথায় নেতাকর্মীদেরকে বিভেদ ভুলে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
নোমান বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। কিন্তু নেতৃত্বের প্রতিযোগিতা প্রতিহিংসায় রূপ নিলে দল ক্ষতিগ্রস্ত হবে।তাই এই মুহূর্তে দ্বন্দ্ব-বিভেদ ভুলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে ঝঁপিয়ে পড়তে হবে।
গত ২১ জুলাই নগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর ‘পদবঞ্চিতদের’ বিক্ষোভ শুরু হয়।
এর জেরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেনের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দেয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে দেশের চলমান রাজনৈতিক সংকটের সুরাহা হবে। ক্ষমতা কুক্ষিগত করতে চাইলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপি নেতা শামসুল আলম, এম এ সবুর, আবদুস সাত্তার, কাজী আকবর ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এস কে খোদা তোতন।
