জাতিসংঘ মহাসচিবের উদ্যোগকে ‘স্বাগত’ বিএনপির
আগামী নির্বাচন নিয়ে বর্তমানের সঙ্কট থেকে উত্তরণে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের নীতি-নির্ধারকদের অন্যতম খন্দকার মোশাররফ হোসেন শনিবার বলেছেন, “আজ দেশের ৯০ ভাগ জনসাধারণই নয়, জাতিসংঘসহ বিভিন্ন দেশ সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
“জাতিসংঘ মহাসচিব অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানাই।”
অবাধ নির্বাচনের জন্য সংলাপের তাগিদ দিয়ে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে বান কি-মুনের টেলিফোনের পরদিন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ সেই সঙ্গে বলেন, “আমরা বলতে চাই, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নির্দলীয় সরকার ছাড়া কোনো বিকল্প নেই।”
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপে বিরোধী দলকে সংসদে প্রস্তাব তুলতে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংসদে আমাদের আসন সংখ্যা ৩৫। বিরোধী দল কোনো প্রস্তাব দিলে তা সরকারি দল কণ্ঠভোটে নাকচ করে দেবে।
“আপনাদের দুই-তৃতীয়াংশ আসন রয়েছে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের জন্য আপনারা বিল নিয়ে আসুন। আমরা আলোচনা করে সমর্থন জানাব,” সরকারি দলের উদ্দেশে বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, বিদেশিরাও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে উৎকণ্ঠিত। সম্প্রতি চীনের রাষ্ট্রদূতও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন।
“চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না, কিন্তু এবার তারাও মুখ খুলেছে।”
খন্দকার মোশাররফ হোসেন
জিয়া পরিষদের ওই আলোচনা সভায় বক্তব্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও মানবাধিকার সংস্থা অধিকারে সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রের মুক্তির দাবি করেন মোশাররফ।
কবীর মুরাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক এম এমতাজ হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, এম জহির আলী, অধ্যাপক হারুন অর রশীদ খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক হাসনাত আলী, জিয়া পরিষদের সহকারী মহাসচিব দেওয়ান মাহফুজুর রহমান প্রমুখ।
