গোপনে শিবিরের বিভাগীয় সমাবেশ বগুড়ায়
বগুড়ায় সোমবার গোপনে ইসলামী ছাত্র শিবির রংপুর, রাজশাহী ও খুলনার বিভাগীয় সমাবেশ করেছে।
পুলিশ খবর পাওয়ার পর সরকারি আযিযুল হক কলেজ এলাকায় জামিলনগরে অভিযান চালায়। এ সময় সোহাগ নামের একজনকে আটক করা হয়।
বগুড়া শহর শাখা শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান জানান, দুপুরে ইসলামী ছাত্র শিবিরের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ষান্মাষিক শাখা দায়িত্বশীল সমাবেশ হয়েছে।
সমাবশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান সোহেল, তথ্য সম্পাদক নাছির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান, মাদ্রাসা ও ছাত্র আন্দোলন সম্পাদক মহিউদ্দিন।
সমাবেশে তিন বিভাগের ৪৭টি সাংগঠনিক শাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন বলেও তিনি জানান।
তবে সমাবেশ কোথায় হয়েছে তা তিনি প্রকাশ করেননি।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) নাজির আহম্মেদ বলেন, “শুনেছি গোপনে ইসলামী ছাত্রশিবির এই সমাবেশটি করেছে। জানার পর আমরা শিবির অধ্যুষিত এলাকা জামিল নগরে অভিযান চালিয়ে ধুনট উপজেলার সোহাগ নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
