কমিটি বাতিলে ক্ষোভ যুক্তরাষ্ট্র যুবলীগে
যুক্তরাষ্ট্রে যুবলীগের সব কমিটি ভেঙে দেয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন প্রবাসে সরকার সমর্থক সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অংশ নেন।
পালকি পার্টি সেন্টারে ওই ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং পরিচালনা করেন ওই কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আলম।
ফরিদ আলম বলেন, “সাংগঠনিক প্রক্রিয়ায় গঠিত যুক্তরাষ্ট্র যুবলীগের বর্তমান কমিটির মেয়াদ তিন বছর। কিন্তু মাঝপথে কোনো কারণ ছাড়াই কমিটি বাতিল করা হয়েছে।
“শুধু তাই নয়, গঠনতান্ত্রিক রীতি অনুযায়ী গঠিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, মহানগর কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
মিসবাহ বলেন, “যে মুহূর্তে আওয়ামী পরিবারের ঐক্য জরুরি, যে মুহূর্তে জামায়াত-শিবিরের অপপ্রচার রুখতে প্রবাসের যুব সমাজের বলিষ্ঠ ভূমিকা বিশেষ প্রয়োজন, সেই সময়ে কমিটি ভেঙ্গে দেয়ার ঘটনা জামায়াত-শিবিরকে ওয়াকওভার দেয়ারই নামান্তর।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন ও মো. হানিফ, প্রচার সম্পাদক হাজী এনাম, তথ্য বিষয়ক সম্পাদক চন্দন দত্ত, নির্বাহী সদস্য এম এ শুকুর খান মাখন, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম বাদশা, রুহেল চৌধুরী, কৃষক লীগ নেতা হাজী নিজামউদ্দিন প্রমুখ।
তারা সবাই কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানান।
