রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার
রাজনীতিবিদদের সঙ্গে তৃতীয় রোজায় ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মহাজোটের শরিক জাতীয় পার্টি এতে অংশ নিলেও আওয়ামী লীগের কেউ যাননি।
শনিবার এই ইফতার আয়োজনে আওয়ামী লীগের কোন নেতা না এলেও মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি, বিকল্পধারা, জাসদ (রব) ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা এতে অংশ নেন।
জাতীয় সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের’ এলডি ভবন প্রাঙ্গণে এই আয়োজন করেন বিরোধী দলীয় নেতা। ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা।
ইফতারে আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাসীন দলের কারো অংশগ্রহণ না করাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আমরা সকালে শুনেছি- তারা বিরোধী দলীয় নেতার ইফতারে আসবেন। আমরা উৎসাহিত হয়েছিলাম। তারা আসলে দেশবাসী একে ইতিবাচক হিসেবে দেখতো। কিন্তু আওয়ামী লীগের নেতারা এই ইফতারে আসেননি। এটা দুভার্গ্যজনক।”
জাতীয় পার্টিও এ ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করেছে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদে বলেন, “ক্ষমতাসীন দলের সদস্যরা বিরোধী দলীয় নেতার ইফতারে আসেননি, এটা দুঃখজনক। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সংস্কৃতিতে ইফতারে কেউ আমন্ত্রণ জানালে তাতে অংশ নেয়াটা সৌজন্যতা। ’’
এ প্রসঙ্গে জাতীয় পার্টির ইফতারে সব দলের নেতাদের অংশ নেয়ার কথা উল্লেখ করেন তিনি।
“গতকাল ক্ষমতাসীন দলসহ অনেক রাজনৈতিক দলের নেতা এসেছিল। আমাদের দলের প্রেসিডেন্ট বলেছেন, এটি একটি মিলন মেলা। আজকেও তারা যোগ দিলে এটিও মিলন মেলা হতো।”
১৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টি যুক্ত হবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “অপেক্ষা করুন। সব দেখতে পাবেন। জাতীয় পার্টি সবসময় ইতিবাচক দৃষ্টি ভঙ্গি নিয়ে এগোয়।”
বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “ক্ষমতাসীন দল বিরোধী দলের নেতার ইফতার যোগ দেয়নি, এটা নতুন কিছু নয়। আমি এতে অবাক হইনি।”
“তবে আমরা মনে করি- তারা এই ইফতারে যোগ না দিয়ে সমঝোতার রাজনীতির একটি সুযোগ হারালো।”
মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একটেবিলে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কাজী জাফর আহমদ, রুহুল আমিন হাওলাদার ইফতার করেন।
১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির নাজির আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের আমীর আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, মুসলিম লীগের একাংশের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, অপর অংশের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি এবং খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমেদুল্লাহ আশরাফ ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন।
তবে জামায়াতের ইসলামীর সদস্য মঞ্চে থাকায় জাসদ সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী অতিথি আসনে বসেই ইফতার করেন।
পরে জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত হয়।
ইফতারে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, রাজিয়া ফয়েজ, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, হারুনুর রশীদ খান মুন্নু. বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, সালাহউদ্দিন আহমেদ, নবনির্বাচিত মেয়রের রাজশাহী মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনার মনিরুজ্জামান মনি, গাজীপুরের অধ্যাপক এম এ মান্নান, সিলেটের আরিফুল হক চৌধুরীসহ কেন্দ্রীয় ও সাংসদরা অংশ নেন।
