লিমনের মামলা প্রত্যাহার জনগণের বিজয়: বিএনপি
লিমনের বিরুদ্ধে র্যাবের মামলা প্রত্যাহারকে জনগণের বিজয় বলে অভিহিত করেছে বিএনপি।
মঙ্গলবার এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘‘ দীর্ঘদিন ধরে দেশের মানুষ লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে।… আমরা মনে করি- এই প্রত্যাহারে সাধারণ জনগণের বিজয় হয়েছে।”
মওদুদের দাবি, সরকারের অনুমতি নিয়েই র্যাব ‘নিরাপরাধ লিমনের বিরুদ্ধে’ এসব মামলা করেছিল। আর মামলা করার মধ্য দিয়ে তারা ‘নির্বৃদ্ধিতার’ পরিচয় দিয়েছে।
২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারান ঝালকাঠীর কলেজপড়ুয়া লিমন। ওই ঘটনার পর র্যাব লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা করে।
ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাবে ‘মাহমুদুর রহমান মুক্তি পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় মওদুদ বলেন, সরকার যদি পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দলের বিজয়কে ‘অবমূল্যায়ন’ করে, তাহলে তাদের আরও বিপদে পড়তে হবে।
“তাদের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে- ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে সংঘাতের পথ বেছে নেয়া। অন্যটি নির্দলীয় সরকারের গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানে তা পূণর্বহালের উদ্যোগ নেয়া।’’
সরকার ‘বাস্তবতা উপলব্ধি’ করে এখনই সংবিধান সংশোধনের উদ্যোগ না নিলে ১৮ দলীয় জোট ঈদের পর কর্মসূচি দেবে বলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান।
“পর্যায়ক্রমে অক্টোবরের আগে কর্মসূচিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে সরকার জনগণের দাবি মানতে বাধ্য হয়।”
সরকার একতরফা নির্বাচন করার চেষ্টা করলে পরিনাম ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে “স্বাধীন গণমাধ্যম: কারারুদ্ধ মাহমুদুর রহমান: আওয়ামী ফ্যাসিবাদের স্বরূপ’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, আমার দেশের নগর সম্পাদক এম আবদুল্লাহ বক্তব্য দেন।
