সিরাজগঞ্জে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
সিরাজগঞ্জ সদরে শিবির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বহুলীবাজারে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে এ সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন একজন এসআই এবং চারজন কনস্টেবল।
এর আগে সকালে শহরের কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও শিবির-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বহুলীবাজারে ২৫০-৩০০ জন জামায়াত-শিবির নেতাকর্মী যানবাহন ভাংচুর ও মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
এতে এসআই আব্দুস সালাম ও চার কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, ভোর থেকে শিবিরকর্মীরা সিরাজগঞ্জ-নগরবাড়ি সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন ভাংচুর করে পালিয়ে যাচ্ছে।
“এসময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।”
ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে আটক করেছে। বিশৃঙ্খলা এড়াতে সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, প্রায় একই সময়ে সড়কটির বোয়ালিয়া বাজার এলাকায় হরতাল সমর্থকরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এদিকে ভোরে শহরের সমাজকল্যাণ মোড় ও রহমতগঞ্জ বটতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পিকেটাররা।
হরতালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
