২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী ভোটে প্রভাব বিস্তার করছেন’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সরাসরি হস্তক্ষেপ’ করছেন বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই অভিযোগ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

বিএনপির যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভীও এ সময় উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাখানেক বৈঠকে ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং বিএনপির বিভিন্ন শঙ্কার কথা সিইসিকে বলেন এম কে আনোয়ার।

পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ‘সরাসরি হস্তক্ষেপ’ করছেন। এজন্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘একটি সেল’ গঠন করা হয়েছে।

“এই সেল থেকে মূলত নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচন নিয়ন্ত্রণ করা হচ্ছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রধানমন্ত্রী সরাসরি কাজ করছেন।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, সরকারী দল সমর্থিত প্রার্থীকে জয়ী করতে ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ ৪০০ প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। গাজীপুরে ডিসি, এসপি ও ওসি  প্রধানমন্ত্রীর কথা ‘শুনছেন’, তারা ইসির কথা ‘শুনছেন না’।

স্থানীয় সরকারের এ নির্বাচনে আবারো সেনা মোতায়েনের দাবি জানিয়ে আনোয়ার বলেন, “সেনাবাহিনী মোতায়েন করা হলে আমরা একটু নিশ্চিন্ত হতাম।”

ভোট শেষ হওয়ার পর মেয়র পদপ্রার্থীদের ভোট আগে গণনারও দাবি জানান তিনি।

গত ১৫ জুন চার সিটি কর্পোরেশন নির্বাচনের আগেও বিএনপির পক্ষ থেকে এ ধরনের একাধিক অভিযোগ আনা হয়। তারা সে সময় সেনা মোতায়েনের দাবি জানালেও ইসি তা করেনি।

তবে শেষ পর্যন্ত ভোটের ফল বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে যাওয়ায় ‘নির্বাচন সুষ্ঠু’ হয়েছে জানিয়ে সন্তোষ প্রকাশ করা হয় বিএনপির পক্ষ থেকে।