‘আ. লীগ ক্ষমতায় না থাকলে অগ্রযাত্রা ব্যাহত হবে’
দেশের অগ্রযাত্রা ধরে রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেছেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অন্য কেউ ক্ষমতায় এলে মানুষের কোনো কল্যাণ হবে না।”
স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবদান স্মরণ করেন শেখ হাসিনা বলেন, “যাদের ত্যাগ, তারা ক্ষমতায় না থাকলে জাতির কথা কেউ ভাবেনি, ভাববে না।”
রোববার ৬৫ বছরে পা দিলো স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ। মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা নেতা-কর্মীরা ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনে দলটি গঠন করেন।
তার পর স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রতিটি আন্দোলনে নেতৃত্বে ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছে এবং ক্ষমতায় গেলে কাজ করেছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ত্রিধাবিভক্ত হয়ে পড়ে। পরে প্রবাসে থাকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় দলটি।
তিন যুগ ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালনকারী শেখ হাসিনা বলেন, “অনেকে ভেবেছিলো ’৭৫ এর পর আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। কিন্তু জনগণের সংগঠন আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি।”
প্রবাস থেকে দেশে ফেরার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, “৮১ সালে যখন আমাকে সভাপতি করা হয়েছিলো, তখন অনেক বাধা-বিপত্তি পার করে দেশে আসতে পেরেছিলাম।
“জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, আমাকে ৩২ নম্বর এর বাড়িতে যেতে দেয়নি, মিলাদ পড়তে দেয়নি, আমার বাবা-মা-ভাইদের বিদেহি আত্মার জন্য মোনাজাত করবো, সেই সুযোগ আমাকে দেয়নি।”
“আমরা মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা জয় করেছি। আগামীতে ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে সমুদ্রসীমা অর্জন করতে পারবো। গণতান্ত্রিক অগ্রগতির সঙ্গে যে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।”
বঙ্গবন্ধু হত্যামামলার রায় কার্যকরের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, “৭৫ পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলো। অনেকে ভেবেছিলো, খুনিদের বিচার হবে না।”
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শেখ হাসিনার আগে সংসদে অনির্ধারিত বক্তৃতায় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। দ্বিজাতি তত্বের দিকে ঠেলে দেয়া হচ্ছে। পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের চেষ্টা চলছে।”
