২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চুরির ‘নিয়ত’ নেই: শেখ হাসিনা

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিরোধী দলকে অনির্বাচিতদের বিষয়ে আবারো সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 09:52 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সাম্প্রতিক সিটি নির্বাচন থেকে শুরু করে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের ফলাফল তুলে ধরে বর্তমান পদ্ধতিতে নির্বাচনে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার গণভবনে রংপুর জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেছেন, “জনগণের ভোট চুরি করার নিয়ত আমাদের ছিলো না, এখনো নেই।”

বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে।

এর ফলে নির্বাচিত সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে এবং বর্তমান সরকারই পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এদেশে নিরপেক্ষ হবে না, কারণ এতে প্রশাসন চাপমুক্ত হয়ে কাজ করতে পারবে না।

২০০৭ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “সেবার যেমন তিন মাসের জন্য এসে দু’বছর থাকলো। আন্দোলন করে ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হলো। এবার এলে তারা যে ইলেকশন দেবে, তার কোনো গ্যারন্টি নাই।”

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উনি যে তত্ত্বাবধায়ক চান। সে তত্ত্বাবধায়ক একবার এসে উনাকে-আমাকে জেলে ঢুকিয়েছিলো। ছাত্র-শিক্ষক-ব্যবসায়ীদের পিটিয়েছে, নির্যাতন করেছে। আবার এলে যে জেলের ভাত খেতে হবে না, এই গ্যারান্টি উনি কোথায় পেলেন?”

“এবার যদি আসে- অনেক জ্ঞানী-গুনী লোক বলে দেবে, রোজ কেয়ামত পর্যন্ত ইলেকশনের দরকার নেই,” বলেন আওয়ামী লীগ সভাপতি।

বিরোধীদলীয় নেতাকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উনাকে বলবো, গণতন্ত্রের পথে ফিরে আসেন। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়- এখানেও সেভাবেই নির্বাচন হবে।”

পুরনো খবর:

সময়ে ‘ঠিক জায়গাতেই’ ভোট পড়বে: হাসিনা