রেজওয়ানের আচরণবিধি লংঘনের তদন্ত শুরু
কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের আচরণবিধি লংঘনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন শুক্রবার এ তথ্য জানান।
তিনি বলেন, আচরণ বিধি লংঘনের বিষয়টি তদন্তের জন্য তারা বিচার বিভাগীয় হাকিমকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন।
“এ প্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কার্যক্রম শুরু হয়,” বলেন তিনি।
বৃহস্পতিবার রিটার্নিং অফিসার বরাবর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম লিখিত অভিযোগে জানান, রেজওয়ান আহাম্মদ তৌফিকের প্রচারণায় তার বাবা রাষ্ট্রপতি আবদুল হামিদকে ব্যবহার করছেন।
এছাড়া সৈয়দ অসিম আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে গত তিনদিন ধরে প্রচারে অষ্টগ্রাম সরকারি ডাকবাংলো ব্যবহারেরও অভিযোগ করেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম অসীম বলেন, প্রতিপক্ষ প্রার্থী রাষ্ট্রপতিকে ব্যবহার করে অন্যায়ভাবে সুবিধা নেয়ার চেষ্টা করছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
