২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের কাঠামো বদলের প্রস্তাব অশুভ: বিএনপি

গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তনের প্রস্তাবকে প্রতিষ্ঠানটি ধ্বংসের পরিকল্পনা বলে মনে করে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

দলটি সরকারকে এই সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এই প্রতিষ্ঠান থেকে গরীব মানুষের মালিকানা গায়ের জোরে কেড়ে নেয়া হবে।”

এর মধ্য দিয়ে দরিদ্র মানুষের আর্থ-সামাজিক অগ্রগতির পথ বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় বিবৃতিতে।

১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হয়। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।

এরপর ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে সম্প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে, যা নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার। সম্প্রতি কমিশন তাদের প্রতিবেদনে ব্যাংকের বর্তমান কাঠামো বদলে বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

মির্জা ফখরুল বলেন, “অবিলম্বে গ্রামীণ ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করে সমগ্র বিশ্বের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের প্রত্যাশা ও প্রেরণার প্রতিষ্ঠান যা দেশকে গৌরবান্বিত করেছে তা ধ্বংস করার সব অশুভ পরিকল্পনা থেকে সরে আসুন।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা চরিতার্থ করতেই  গ্রামীণ ব্যাংক ধ্বংসের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।”

গ্রামীণ ব্যাংকের কাঠামোকে ‘অনন্য’ হিসেবে আখ্যায়িত করেন ফখরুল।

তিনি বলেন, “এই কাঠামো পরিবর্তন করে পল্লী বিদ্যুৎ সমিতির আদলে ১৯টি বা ততোধিক ক্ষুদ্র গ্রামীণ ব্যাংক অথবা প্রায়-প্রাইভেট ব্যাংকে পরিণত করার যে সুপারিশ তদন্ত কমিশন করেছে তাতে সরকার নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার নীতি অনুসরণ করেছে।”

এরই মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুস বলেছেন, সরকার এখন গ্রামীন ব্যাংক ভেঙে দেয়ার কথা বলছে। কিন্তু দেশের মানুষ জেগে উঠলে তা পারবে না।