২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দেয়া হোক: হুদা 

নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার হিসেবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

একইসঙ্গে পরের নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে চুক্তি করারও পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির এই বহিষ্কৃত নেতা এ কথা বলেন।

বাংলাদেশের রাজনীতিতে এখনো আস্থার সংকট কাটেনি মন্তব্য করে নাজমুল হুদা বলেন,  “এখনই দু্ই নেত্রীর মতামত নিয়ে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন জরুরি। এক্ষেত্রে দুই নেত্রী আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নির্বাচনকালীন রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রদান করতে পারেন।”

এজন্য সংবিধানের ৫৭ ও ৫৮ ধারা সংশোধনে সরকারকে অনুরোধ করেন তিনি।

দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের মধ্যে ২০০৭ সালের জানুয়ারিতে জরুরি অবস্থা জারি হয়। সেনা নিয়ন্ত্রিত একটি সরকার দুই বছর ক্ষমতায় থাকার পর ২০০৮ সালে নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে। ওই নির্বাচনে জনরায় নিয়ে ক্ষমতায় যাওয়া শেখ হাসিনা অনির্বাচিতদের হাতে যে কোনোভাবে ক্ষমতা দেয়ার বিরোধী।

বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছে। এর ফলে নির্বাচিত সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে এবং বর্তমান সরকারই পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলে আসছেন, এই গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি নির্বাচনকে উদাহরণ হিসেবে দেখিয়ে বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এদেশে নিরপেক্ষ হবে না, কারণ এতে প্রশাসন চাপমুক্ত হয়ে কাজ করতে পারবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নাজমুল হুদা বলেন, “সত্যিকারের গণতন্ত্রের বিকাশ চাইলে আসন্ন জাতীয় নির্বাচনের পরবর্তী নির্বাচন থেকে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়া চালুর ব্যবস্থা করুন।”

এজন্য সকল রাজনৈতিক দলের সাথে চুক্তি করার পরামর্শও তিনি বর্তমান সরকারকে দেন।

সাবেক মন্ত্রী নাজমুল হুদা গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) গঠন করেছিলেন। তবে এ বছরের শুরুতে তার গঠন করা দল থেকেই তাকে বহিষ্কার করা হয়।

এর আগে বিএনপির এই সাবেক ভাইস চেয়ারম্যানকে দুই বার দল থেকে বহিষ্কার করা হয়, যদিও তিনি ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে নাজমুল হুদা কোনো দলের সঙ্গে যুক্ত নন।

সদ্য সমাপ্ত চার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “সরকার এ নির্বাচনে হস্তক্ষেপ না করে জনগণকে ধোকা দিতে চেয়েছিল। মনে রাখতে হবে স্থানীয় নির্বাচনে নয়, জাতীয় নির্বাচনে রাষ্ট্রের ক্ষমতার লড়াই হয়। তাই সিটি নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন জনগণ মানবে না।”

নাজমুল হুদার প্রস্তাব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব হোসেন বলেন, “তার প্রস্তাব মেনে নিতে একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।”  

“প্রধানমন্ত্রী গায়ের জোড়ে নির্বাচন দিলে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়বে”।

বাংলাদেশ অগ্নিসেনা সংসদ আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তালুকদার জহিরুল হক তুহিন।

‘প্রতিহিংসার রাজনীতি, গণমাধ্যমের স্বাধীনতা ও আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, হেলেন জেরিন খান, সেলিম ভূইয়া, আহমেদ আজম প্রমুখ।