খালেদাকে নিয়ে বক্তব্যে বিএনপির ওয়াকআউট
স্পিকারের কড়া হুঁশিয়ারির পরও সংসদে খালেদা জিয়াকে নিয়ে ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে আরেকবার ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা।
বৃহস্পতিবার সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্য অপু উকিল খালেদা জিয়ার জন্ম নিয়ে বক্তব্য দেওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
এসময় ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশন পরিচালনায় ছিলেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কেউই সংসদে ছিলেন না।
বাজেট নিয়ে আলোচনায় অপু উকিল পাকিস্তানি সেনা কর্মকর্তা সিদ্দিক সালিকের ‘ওয়ার ইন ১৯৬৫ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া’ নামের একটি বই দেখান।
তিনি দাবি করেন, এই বইয়ে খালেদা জিয়ার মায়ের নাম ‘লক্ষ্মী রানি মারমা’ বলে উল্লেখ করা হয়েছে।
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বিয়ে নিয়েও তিনি কিছু মন্তব্য করেন, যা নিয়ে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যরা আসনে বসেই প্রতিবাদ জানাতে থাকেন।
এক পর্যায়ে এ্যানি দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অপু উকিলের মাইক বন্ধ করে দেয়ার দাবি জানান। এসময় বিএনপির নারী সাংসদরা ‘ছি-ছি’ বলে প্রতিবাদ জানাতে থাকেন।
তখন ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ সদস্য অপু উকিলকে বলেন, “এর সঙ্গে বাজেটের কী সম্পর্ক? আপনি বাজেটের ওপর বলুন।”
এ্যানি মিনিটখানেক দাঁড়িয়ে ‘অসংসদীয়’ ও ‘অশোভন’ শব্দ কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেয়ার এবং অপু উকিলের মাইক বন্ধের দাবি জানান।
তিনি এসময় বলেন, নইলে তারা ওয়াক আউট করতে বাধ্য হবেন।
পরে তার নেতৃত্বেই বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।
অপু উকিল তার বক্তব্যের সময় পাক সেনা কর্মকর্তার লাল মলাটের বই এবং তারেক রহমানের রাজনীতি থেকে অব্যাহতি ও দেশ ছাড়ার ‘মুচলেকার’ অনুলিপি দেখান।
অপু উকিলের আগে বিএনপির নিলোফার চৌধুরী মনি বলেন, “প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে বলেছেন, বিরোধীদলীয় নেত্রী নাকি বেলা ১২টায় ঘুম থেকে ওঠেন। তিনি যদি এই কথা বলেন, তাহলে আমরা তো আরো খারাপ কথা বলতে পারি।”
তিনি দাবি করেন, খালেদা জিয়া চাশতের, তাহাজ্জুদের নামাজ পড়েন এবং ১০ দিনে কোরান শরীফ খতম করেন।
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।
বক্তব্যে তিনি ‘ভাড়াটে মন্ত্রী’ ও ‘বিকৃত মস্তিষ্কের সংসদ সদস্য’ উল্লেখ করলে সরকারি দলের সদস্যরা সমস্বরে প্রতিবাদ জানান।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তৈরি পোশাক শিল্প কারখানাগুলোকে ঢাকা থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানান সরকারদলীয় সংসদ সদস্য টিপু মুন্সি।
বিজিএমইএ’র সাবেক এ সভাপতি সাভারের রানা প্লাজার ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক’ এবং এই শিল্পের ‘বিপদ’ বলে মন্তব্য করেন।
পোশাক শিল্পের প্রসারে উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দেয়ারও দাবি জানান রংপুরের এই সংসদ সদস্য।
সরকারি দলের সংসদ সদস্য ফজলে নূর তাপস হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “যারা কোরান পুড়িয়েছে, তাদের ওপর আল্লাহর গজব পড়বে। তারা নাস্তিক-মুরতাদ নয়, তারা কাফের।”
