২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বক্তব্য অশালীন হলে মাইক বন্ধ করে দিন’

বিরল এক ঘটনায় সংসদে একটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

Image
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে উত্তাপ ছড়ানোর একদিন পর সোমবার দুই পক্ষই স্পিকারের কাছে আহ্বান রেখেছে, অশালীন বক্তব্য রাখার চেষ্টা করলেই যেন মাইক বন্ধ করে দেয়া হয়।

দুই পক্ষ থেকে এই আহ্বান পেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও সংসদ সদস্যদের প্রতি আক্রমণাত্মক, অসৌজন্যমূলক ও অসংসদীয় বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

রোববার বিরোধী দলের সংরক্ষিত মহিলা আসনের দুই সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সংসদে।

দুই সংসদ সদস্যই অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ তোলেন সরকারি দলের সদস্যরা। অন্যদিকে বিরোধী দলের জ্যেষ্ঠ সদস্যরা বলেন, বিরোধী দলের নেতাদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেয়ায় তারা পাল্টা জবাব দিচ্ছেন।

সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ সোমবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিরোধী দলের সংসদ সদস্যরা যে অসংসদীয় ভাষায় কথা বলছেন, তাতে সংসদ সম্পর্কে মানুষের খারাপ ধারণা হয়। তাদের এ ধরনের বক্তব্য সংসদের মর্যাদাহানিকর। ওনারা নিজেদের নিজেরাই ছোট করছেন।”

অসংসদীয় বক্তব্য দিলে মাইক বন্ধ করে দিতে স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

এরপরই বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, “সংসদের বক্তব্য নিয়ে প্রায় অভিযোগ উঠে। অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার হয়, একথা ঠিক ও সত্য। এক পক্ষ থেকে যখন বলা হয়, তখন অন্য পক্ষ থেকে এর জবাব দেয়া হয়।”

“সরকারি দলের সদস্যরাও যখন অসত্য ও বিকৃত ভাষায় কথা বলার চেষ্টা করবে, তখন তা একপাঞ্জ করবেন। আক্রমণাত্মক বক্তব্য দিলেই মাইক বন্ধ করতে হবে,” স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

এম কে আনোয়ার জানান, আবদুল হামিদ স্পিকারের দায়িত্ব পালনের সময় অসংসদীয় ভাষা ব্যবহার না করার বিষয়ে দুই পক্ষ এক ধরনের ঐকমত্যে পৌঁছেছিল।

অসংসদীয় বক্তব্য রোধে স্পিকারের হস্তক্ষেপ চেয়ে তিনি আরো বলেন, “আপনি ধৈর্য্য ধরে সবার কথা শুনছেন। আপনাকে শুরু করতে হবে সেখান [সরকারি দল] থেকে। আমরা আপনার সঙ্গে আছি।”

৮৩ দিন বর্জনের পর গত ৩ জুন থেকে শুরু হওয়া সংসদের অষ্টাদশ অধিবেশনে ফেরে বিরোধী দল। এরপর চার দফা ওয়াক আউট করে তারা।

পুরনো খবর:

কথা বলুন শালীন ভাষায়: স্পিকার  
পাপিয়ার বক্তব্যে সংসদে উত্তাপ