কিশোরগঞ্জ উপনির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ
কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
বৃহস্পতিবার দুপুরে সৈয়দ মহিতুল ইসলাম অসীম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগপত্র জমা দেন।
মহিতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের প্রচারণায় তার বাবা রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম ব্যবহার করা হচ্ছে।
“নির্বাচনী প্রচারণায় রাষ্ট্রের সর্বোচ্চ পদের সম্মানিত ব্যক্তির নাম ব্যবহার নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লংঘন।”
তিনি দাবি করেন, আচরণবিধি লংঘন করে রাষ্ট্রপতির নাম ব্যবহার করে অন্যায়ভাবে সুবিধা নেয়ার চেষ্টা করছেন তৌফিক।
অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/সিএস
