‘জাহাঙ্গীরকে বসানো বিধি লঙ্ঘন’
গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের সরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জানতে পেরেছি, গতকাল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
“এটা নির্বাচনের আচরণবিধির সরাসরি হস্তক্ষেপ ও উচ্চ আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি।’’
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ আজমত উল্লাহ খানকে সমর্থন দিলেও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমও প্রার্থী হন।
মঙ্গলবার নির্বাচনী প্রতীক হিসেবে ‘আনারস’ বরাদ্দ পান তিনি।
রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর আজমতের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জাহাঙ্গীর, যা প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গাজীপুরের সাবেক সংসদ সদস্য হান্নান শাহ বলেন, নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ ও প্রতীক বরাদ্দ হওয়ার পর এভাবে প্রার্থিতা প্রত্যাহার করা যায় না।
গাজীপুর সিটি নির্বাচনে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের নির্বাচনী সমন্বয়কারী হান্নান শাহ মহাখালী ডিওএইচএসে তার বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, “ক্ষমতাসীন দল চার সিটিকে ভরাডুবির পর গাজীপুরে তাদের প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে উঠবে আমরা তা আগে থেকে আঁচ করতে পেরেছি। সরকারের এমন আচরণে আমরা শঙ্কিত।
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়েছিলো জাহাঙ্গীরের। হাই কোর্টে আবেদন করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পান।
এই বিষয়গুলো তুলে ধরে হান্নান শাহ বলেন, “আমরা জানতে পেরেছি, মঙ্গলবার জাহাঙ্গীর আলম টঙ্গীতে নিবার্চনী প্রচার চালানোর সময় তাকে কিছু সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্রলীগের সাবেক এবং বর্তমান কিছু নেতাকর্মী জোর করে সরকারি গাড়িতে উঠিয়ে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে যাওয়া হয়।
“সেখানে তাকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে হাজির করা হয়। প্রধানমন্ত্রী তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে বললে সে অপারগতা প্রকাশ করে।”
“পরে চাপ সইতে না পেরে তার মার সঙ্গে কথা বলতে বলেন। প্রধানমন্ত্রী তার মার সঙ্গে কথা বলে ‘না’ সূচক উত্তর পেয়ে তাকে সাদা কাগজে সই দিতে বাধ্য করেন।”
এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান হান্নান শাহ।
