২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

উপজেলার আমিশাপাড়া বাজারে সোমবার গভীর রাতে এ সংঘর্ষের সময় দুইপক্ষের কর্মীরা দোকানপাটে হামলা ও ভাংচুরও চালিয়েছে বলে জানিয়েছেন সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ।

মঙ্গলবার সকালে ওসি সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়,  রাত ১০টার দিকে ছাত্রলীগ নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল কর্মী ছাত্রদলের সজিব, রহমান, নজরুলের ওপর হামলা চালায়।

পরে ছাত্রদলকর্মীরা লাঠিসোটা নিয়ে বাজারে আসলে ছাত্রলীগকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ কয়েকটি দোকানপাট ও গাড়িতে ভাংচুর চালায় ।

ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করলে পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশ কনস্টেবল আবদুস সামাদের মাথায় ও হাতে আঘাত লাগে।

ওসি আবদুস সামাদ জানান, সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।