‘লোহার, কাঠের, ইন্টার- কোনো পুল দিয়ে তারেককে ধরা যাবে না’
লন্ডন থেকে তারেক রহমানকে ফেরাতে সরকার উদ্যোগ নিলেও তা সফল হবে না বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।
“ফকিরাপুল, লোহারপুল, কাঠেরপুল, ‘ইন্টারপুল’- কোন পুল দিয়ে তারেক রহমানকে ধরা যাবে না,” সংসদে বলেছেন তিনি।
জাতীয় বাজেট নিয়ে মঙ্গলবার সংসদে বক্তব্যে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানকে নিয়ে একথা বলেন চাঁদপুর থেকে নির্বাচিত বিএনপির এই সংসদ সদস্য।
খালেদা জিয়ার ছেলেকে মুদ্রাপাচারের মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশনের আবেদনে সম্প্রতি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ওই পরোয়ানা জারির দুই দিন আগেই লন্ডনে বিএনপির এক সভায় যোগ দেন তারেক, যা পাঁচ বছরের প্রবাস জীবনে দলীয় কোনো কর্মসূচিতে তার প্রথম অংশগ্রহণ।
জরুরি অবস্থার সময় গ্রেপ্তার তারেক ২০০৮ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান। দেড় ডজন মামলা নিয়ে স্ত্রী-সন্তানসহ এখনো যুক্তরাজ্যে রয়েছেন তিনি।
মুদ্রা পাচারের মামলায় তারেকের বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছে বিএনপি।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘বিউটিফুল একটি বেলুন’ বলে আখ্যায়িত করেন মওদুদ।
এর জবাবে মঙ্গলবার আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী বলেন, “কেউ কেউ বলছেন, বাজেট একটি বিগ বিউটিফুল বেলুন। হ্যাঁ, এটা বিউটিফুল, তবে বোয়িং প্লেনের ইঞ্জিন।”
বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সামরিক শাসনের প্রসঙ্গ তুলে আনেন।
তিনি মঙ্গলবার সংসদে বলেন, “বাজেট হলো নিবন্ধিত দাম্পত্য ক্রিয়া, আর সামরিক বাজেট হলো পরকীয়া।”
