২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপিকে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের পক্ষ থেকে টেলিফোনে আমাদের অনুমতির কথা জানানো হয়েছে। নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।”

মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে কী শর্তে তারা অনুমতি পেয়েছে তা আমার জানা নেই।”

এক মাস আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হওয়ার পর সোমবার একই স্থানে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

বিএনপির  সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, সরকারের ‘দুর্নীতিবাজদের’ গ্রেপ্তার, অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগ ও সব গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ হবে।

সংসদে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম অনুমতির বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সমাবেশ করতে দেবে না বলে জানিয়েছে।

“আমরা পল্টন ময়দান, মুক্তাঙ্গন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিতে বলেছি। পুলিশ কমিশনার বলেছেন, বিকালে এই বিষয়ে জানাবেন।’’

এ্যানি বলেন, সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন অনুমতি নিয়ে সভা-সমাবেশ করা যাবে। তার কথার ভিত্তিতেই অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

“এখন অনুমতি না দিলে এর দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।”

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত ৪ মে মতিঝিলে এক সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।

এর নয় দিনের মাথায় ১৩ মে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পুলিশের অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ পিছিয়ে ১৫ মে নতুন তারিখ দেয়া হয়। কিন্তু তারপরও অনুমতি না পেয়ে হরতাল ডাকে বিএনপি, যদিও পরে তারা তা প্রত্যাহার করে নেয়। 

এদিকে ২১ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়- তাদের বা কোনো দলকে একমাস সমাবেশ করতে দেয়া হবে না।”

অবশ্য পরে সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়, সভা সমাবেশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ‘সন্ত্রাসী-জঙ্গিবাদীদের’ কখনোই সভা সমাবেশ করতে দেয়া হবে না।

মঙ্গলবার বিকালে সংসদ অধিবেশনেও ‘নিষেধাজ্ঞা’ ও অনুমতির প্রসঙ্গটি তোলেন শহীদউদ্দিন এ্যানি।

পয়েণ্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “গত পরশু আমরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। আজ পুলিশ কমিশনার বলেছে, ওপরের নিষেধ আছে। আমি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “তারা (বিএনপি) যদি তাদের অফিস, দেয়াল ঘেরা জায়গা বা মিলনায়তনে সমাবেশ করার প্রস্তাব দেন, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।”

অবশ্য সংসদে ওই আলোচনা চলার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়ে পুলিশের সবুজ সংকেত পায় বিএনপি।

পুরনো খবর:

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
সমাবেশ করুন দেয়াল ঘেরা স্থানে, বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী