২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশ করুন দেয়াল ঘেরা স্থানে, বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী

নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দেয়া বিএনপিকে দেয়াল ঘেরা স্থানে তা করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

“তারা (বিএনপি) যদি তাদের অফিস, দেয়াল ঘেরা জায়গা, মিলনায়তনে সমাবেশ করার প্রস্তাব দেন, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।”

রাজধানীতে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদ জানিয়ে সংসদে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার কথা জানালে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সরকারের পক্ষ থেকে পরে বলা হয়, সভা-সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে ‘সন্ত্রাসী-জঙ্গিবাদীদের’ কখনোই সভা-সমাবেশ করতে দেয়া হবে না।

এর মধ্যে বিএনপি সমাবেশ করতে চেয়ে অনুমতি চেয়ে একবার হরতাল ডাকে। বুধবারও নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি, তবে তার অনুমতি মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশ দেয়নি। 

মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই ছাত্রদলের সাবেক সভাপতি এ্যানি পয়েণ্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে বলেছেন, সভা-সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

“গত পরশু আমরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। আজ পুলিশ কমিশনার বলেছে, ওপরের নিষেধ আছে। আমি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী দেয়াল ঘেরা স্থানে সমাবেশ করতে বিএনপিকে পরামর্শ দেন।

তিনি বলেন, “আমি আগে বলেছিলাম, তারা যদি শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দেন, তবে অনুমতি দেবো। এর আগেও শর্ত ভেঙে সমাবেশ করা হয়েছে। পরিবেশ বিনষ্ট করা হয়েছে।”

বিএনপির ঘোষিত স্থানে সমাবেশ হলে ‘যানজট’ সৃষ্টি হয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“তথাকথিত গণতান্ত্রিক অধিকারের নামে যেভাবে পরিবেশ বিনষ্ট করা হয়েছে, জনগণের জানমালের ক্ষতি করা হয়েছে, আমরা তার ক্ষতিপূরণ আদায়ের চিন্তা করছি।”

এ্যানি বলেন, “যদি এভাবে চলতে থাকে তবে আমাদের হরতালের মতো কঠোর কজর্মসূচি দিতে হবে। আর এর দায়িত্ব সরকারকে নিতে হবে।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ৪ মে মতিঝিলে এক সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।

তার নয় দিনের মাথায় ১৩ মে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পুলিশের অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ পিছিয়ে ১৫ মে নতুন তারিখ দেয়া হয়। কিন্তু তারপরও অনুমতি না পেয়ে হরতাল ডাকে বিএনপি, যদিও পরে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে তারা তা প্রত্যাহার করে নেয়। 

এদিকে ২১ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়- তাদের বা কোনো দলকে একমাস সমাবেশ করতে দেয়া হবে না।”

পুরনো খবর:

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি