২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নয়া পল্টনে বুধবার বিকালে সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি পয়নি বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

সংসদে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম অনুমতির বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেন।

পুলিশ নয়া পল্টনে অনুমতি দেবে না জানানোর পর বিকল্প হিসেবে পল্টন ময়দানসহ তিনটি স্থানে সমাবেশের অনুমতি চান বিএনপি নেতারা।

তবে পুলিশের পক্ষ থেকে খোলা স্থানে সমাবেশ না করে কোনো মিলনায়তনে কর্মসূচি পালনের পরামর্শ দেয়া হয়।

ওই বৈঠকের পর মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুনীরুল ইসলাম পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, “আমরা এখনো বিষয়টি যাচাই বাছাই করে দেখছি। নয়া পল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।”

এক মাস আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হলেও সোমবার একই স্থানে এই ঘোষণা করে বিএনপি।

বিএনপির  সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, সরকারের ‘দুর্নীতিবাজদের’ গ্রেপ্তার, অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগ ও সব গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ হবে।

পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ সমাবেশ করতে দেবে না বলে জানিয়েছে।

“আমরা পল্টন ময়দান, মুক্তাঙ্গন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিতে বলেছি। পুলিশ কমিশনার বলেছেন, বিকালে এই বিষয়ে জানাবেন।’’

এ্যানি বলেন, সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন অনুমতি নিয়ে সভা-সমাবেশ করা যাবে। তার কথার ভিত্তিতেই অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

“এখন অনুমতি না দিলে এর দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।”

বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস  সালাম বলেন, “আমরা আগেই সমাবেশ করার ঘোষণা দিয়েছি। বিকালে পুলিশ কি জানায়, তার অপেক্ষায় আছি। এরপর আমরা সিদ্ধান্ত নেব।”

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত ৪ মে মতিঝিলে এক সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।

এর নয় দিনের মাথায় ১৩ মে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পুলিশের অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ পিছিয়ে ১৫ মে নতুন তারিখ দেয়া হয়। কিন্তু তারপরও অনুমতি না পেয়ে হরতাল ডাকে বিএনপি, যদিও পরে তারা তা প্রত্যাহার করে নেয়। 

এদিকে ২১ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়- তাদের বা কোনো দলকে একমাস সমাবেশ করতে দেয়া হবে না।”

অবশ্য পরে সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়, সভা সমাবেশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ‘সন্ত্রাসী-জঙ্গিবাদীদের’ কখনোই সভা সমাবেশ করতে দেয়া হবে না।

মন্ত্রীর ওই কথিত নিষেধাজ্ঞার কারণে পুলিশ গত এক মাসে বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়নি বলে অভিযোগ করে আসছে বিএনপি।

পুরনো খবর:

নয়া পল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির