নয়া পল্টনে সমাবেশের ঘোষণা বিএনপির
এক মাস আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হলেও আবারো একই স্থানে কর্মসূচি দিয়েছে বিএনপি।
সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, সরকারের ‘দুর্নীতিবাজদের’ গ্রেপ্তার, অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগ ও সব গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ হবে।
বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরও সমাবেশে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ গত ১২ ও ১৫ মে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সমানে ১৮ দলীয় জোটের সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশ দুই বারই বিএনপির আবেদন ফিরিয়ে দেয়।
গত ২১ মে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যারা সমাবেশের অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেয়, জনসাধারণের ওপর অত্যাচার করে, সভা-সমাবেশের নামে গাড়ি ভাংচুর করে, দোকানপাটে আগুন দেয়- তাদের বা কোনো দলকে একমাস সমাবেশ করতে দেয়া হবে না।”
অবশ্য পরে সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়, সভা সমাবেশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ‘সন্ত্রাসী-জঙ্গিবাদীদের’ কখনোই সভা সমাবেশ করতে দেয়া হবে না।
মন্ত্রীর ওই কথিত নিষেধাজ্ঞার কারণে পুলিশ গত এক মাসে বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়নি বলে অভিযোগ করে আসছে বিএনপি।
