২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সোমবারের হরতাল সমর্থনে বিএনপির মিছিল

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোমবার রংপুরে বিএনপির ডাকা আধাবেলা হরতালের সমর্থনে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার বিকেল ৫টায় জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাহাজ কোম্পানি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সুলতান আলম বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম।

গত ২০ মে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল শুরুর আগে স্থানীয় বিএনপি নেতাদের গ্রেপ্তার করে বিস্ফোরক আইনে জেলে পাঠায় পুলিশ।

এর প্রতিবাদে শনিবার রংপুর জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেয় বিএনপি।