চট্টগ্রামে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা
হরতালের আগের দিনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
কোতোয়ালি ১২ জনের নাম উল্লেখ করে করা এই মামলায় শ্রমিক দল ও যুবদলের নেতাদেরও আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে এসঅাই কামরুজ্জামান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করেন।
আসামিদের মধ্যে রয়েছেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।
সন্ধ্যায় হরতালের সমর্থনে নগর বিএনপি কার্যালয় থেকে বিএনপি নেতা কর্মীরা মশাল মিছিল বের করার সময় পুলিশ তাতে বাধা দেয়। তখন বিএনপিকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সারাদেশে হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
