আমরাও ভুল করেছি, অনুতাপও হয়: মওদুদ
নিজেদের শাসনামলের ভুলের কথা স্বীকার করে বর্তমান সরকারকে ভুলপথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরাও ক্ষমতায় ছিলাম, আমরাও ভুল করেছি। আমাদের এখন অনুতাপ হয়। তাই সরকারকে বলছি, ভুল পথ থেকে সরে আসুন। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে বন্দুক-গুলি দিয়ে দমন করতে পারবেন না। একদিন আসবে, তখন আর গুলির আওয়াজ বের হবে না।”
ফ্যাসিবাদ ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগকেও অনুতপ্ত হতে হবে বলে মন্তব্য করেন সাবেক আইনমন্ত্রী।
‘বর্তমান সংকট নিরসনে আলোচনার প্রয়োজনীয়তা ও বাস্তবতা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
রোববারের হেফাজতে ইসলামের সমাবেশে আক্রমণ করে অনেক মানুষকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
সরকারের ভুল ও ভ্রান্তনীতির সমালোচনা করে মওদুদ বলেন, “আজ দেশের পরিস্থিতিকে সরকার এমন জায়গায় নিয়ে গেছে, এখন আর সংলাপের কোনো পরিবেশ নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসার রাজনীতি করে যাচ্ছেন।”
দুই মেয়াদে ক্ষমতায় থাকা বিএনপি নেতৃত্বাধীন সরকারের শেষ মেয়াদে নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা না হওয়ায় সংঘাতময় পরিস্থিতির জের ধরে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়। ক্ষমতায় আসে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যারা দুই বছর দেশ চালায়।
২০০৯ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।
এর পর থেকেই ওই ব্যবস্থা বহালের দাবি জানিয়ে বিএনপি অব্যাহতভাবে বিক্ষোভ-সমাবেশ-হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে।
ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, হৃদয় বাংলাদেশের সভাপতি মো. হানিফ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ইয়ুথ ফোরামের উপদেষ্টা সৈয়দ মুনসিফ আলী বক্তব্য রাখেন।
