‘হেফাজতের কাছে ইসলাম নিরাপদ নয়’
হেফাজতে ইসলাম জনগণের কাছে ইসলামের ‘দুশমন’ হিসেবে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন দুটি ইসলামি সংগঠনের নেতারা।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঢাকায় অবরোধের নামে জঙ্গি কর্মকাণ্ডসহ বিভিন্ন তাণ্ডবের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার নেতারা এ অভিযোগ করেন।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলায় হেফাজতের তাণ্ডবে দেখা যায় তারা ইসলাম রক্ষা নয়, ইসলামের দুশমন হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।
যুদ্ধাপরাধীদের রক্ষায় হেফাজতে ইসলামের জন্ম হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম আহমেদ হুসাইন বলেন, “ইসলাম নামধারী হেফাজতের কাছে কোরআন ও ইসলাম শোভা পায় না। কোরআন ও ইসলাম তাদের হাতে নিরাপদ নয়।”
ঢাকা অবরোধের নামে কোরআন-ধর্মীয় বইপত্র আগুনে জ্বালিয়ে ওই বিষয়টি হেফাজত ইতিমধ্যে প্রমাণ করেছে মন্তব্য করে তিনি বলেন, “সরকারের কাছে অবিলম্বে হেফাজতের নেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।”
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সহ-সভাপতি মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম বারেক, ইসলামি ছাত্রসেনার সাবেক সভাপতি এসএম কাউসার প্রমুখ।
সমাবেশ শেষে সংগঠন দুটির কয়েকশ নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে।
