২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ‘গুমদের’ তালিকা দিন: বিএনপিকে টুকু

হেফাজতে ইসলামকে মতিঝিল থেকে তোলার সময় নিহতদের লাশ ‘গুম’ করার অভিযোগ তোলায় বিএনপির কাছে লাশের তালিকা চেয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবারে দুপুরে শাপলা চত্বরে সমাবেশের সময় হেফাজতকর্মীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “তাদেরকে (বিএনপি) গুম হওয়া লাশের তালিকা দিতে বলুন।”

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, মতিঝিলে সংঘর্ষে নিহতদের লাশ ‘গুম’ করা হচ্ছে।

হেফাজতকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের (হেফাজতে ইসলাম) কর্মসূচি ছিলো ঢাকার প্রবেশদ্বারে অবস্থান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে- এই প্রতিশ্রুতি দেয়ায় তাদের অনুমতি দেয়া হয়েছিল।

“কিন্তু ইসলাম রক্ষার নামে তারা আওয়ামী লীগ-কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দিলো, বায়তুল মোকররম মসজিদে আগুন দেয়া হলো, হকারদের দোকান ভস্মীভূত করা হলো- কার নির্দেশে এসব করা হলো? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু হেফাজতে ইসলাম কোন ইসলাম কায়েম করতে চায়?”

বিএনপিকে হেফাজতের ‘ইন্ধনদাতা’ আখ্যায়িত করে তিনি বলেন, “আগের দিনের বিরোধী দলের সমাবেশ তাদের ইন্ধন দিয়েছে। কারা তাদের খাবার, পানি ও লোকবল দিয়ে সহযোগিতা করেছে- তা সবাই জানে এবং তারা কেউই আইনের উর্ধ্বে নয়।”

সংঘর্ষের কারণে মানুষের মৃত্যুর জন্য উস্কানিদাতাদেরও বিচারের আওতায় আনা হবে, বলেন টুকু।

গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া হেফাজতে ইসলামের আন্দোলনে সমর্থন জানিয়ে আসছে বিএনপি। হেফাজতের রোববারের সমাবেশে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

রোববার মতিঝিলে সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীরা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পুরানা পল্টনে সিপিবি ও হাইজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয় তারা।

হেফাজতের কর্মীরা বায়তুল মোকাররমের তিন পাশে (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) অন্তত সাড়ে সাতশ’ দোকানে আগুন দেয়, যারমধ্যে পোশাক-পরিচ্ছদ, গৃহস্থালীর পণ্য, প্লাস্টিক পণ্য, জুতা, স্যান্ডেল, ধর্মীয় বইপত্রের দোকান ছিল। এ আহমদ শফী চট্টগ্রামে ছাড়া কুরআন শরিফও পোড়ানো হয়।

পুরনো খবর:

মতিঝিলে লাশ গুম করা হয়েছে: বিএনপি