‘অতিথিদের ওপর হামলা করলো সরকারের পেটোয়া বাহিনী’
ঢাকায় হেফাজতে ইসলামের কর্মীদের ওপর সরকারের ‘পেটোয়া বাহিনী’ হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি।
হেফাজতের কর্মসূচিতে সমর্থন দেয়া বিএনপির নেতা শামসুজ্জামান দুদু রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, “ধর্মপ্রাণ নেতা-কর্মীদের ওপর সরকারের পেটোয়া বাহিনী যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্ররা হামলা চালিয়েছে।
“এতে অনেকে হতাহত হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।”
১৩ দফা দাবিতে আন্দোলনরত হেফাজতে ইসলামের রোববার ঢাকা অবরোধ কর্মসূচি ছিলো। সেই কর্মসূচির পর মতিঝিলে সমাবেশের জন্য রওনা হয় হেফাজতকর্মীরা।
এর মধ্যে বঙ্গবন্ধু এভিনিউতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে হেফাজতকর্মীদের। এক পর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয় পুরানা পল্টন, বিজয় নগর এলাকা। সেখানে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
পল্টনে সিপিবি ভবন, হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন ভবনসহ বিভিন্ন দোকানে আগুন দেয় হেফাজতকর্মীরা, ভাংচুর করে বহু দোকান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, “সরকারের অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে হেফাজতকর্মীরা সারাদেশ থেকে ঢাকা এসেছেন। তারা আমাদের অতিথি। তাদের পাশে থাকার জন্য ঢাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”
দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ মনে করে তা থেকে উত্তরণে সরকারকে নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি মেনে নেয়ার আহ্বান জানান জানান তিনি।
“আমাদের নেত্রী (খালেদা জিয়া) শনিবার সমাবেশে বলেছেন, নির্দলীয় সরকারের দাবি নিয়ে আপত্তি থাকলে অন্য নামের বিষয়ে আসুন আমরা আলোচনা করি, যাতে একটি জায়গায় আমরা সবাই ঐকমত্যে পৌঁছাতে পারি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানালেও শনিবারের সমাবেশে বিএনপি চেয়ারপারসন সেই আহ্বান প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকার পদ্ধতির দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। তবে তার ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।
শামসুজ্জামান বলেন, “দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি সরকারকে মেনে নিতে হবে। এর কোনো বিকল্প নেই।”
বিএনপির পরবর্তী কর্মসূচি কী- জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক রয়েছে, সেখানে তা ঠিক হবে।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশারও ছিলেন।
