২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে খালেদা জিয়া

মতিঝিলে ১৮ দলীয় জোটের সভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 09:28 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

সমাবেশ শুরুর প্রায় দুই ঘণ্টা পর বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

অফহোয়াইট রঙের শাড়ি পড়া খালেদা জিয়া হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

সমাবেশে জনসমাগমের কারণে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি সমাবেশস্থলে নিতে নিরাপত্তা কর্মীদের বেশ বেগ পেতে হয়।

মঞ্চে খালেদা জিয়া চেয়ারে বসেছেন, তার দুই পাশে রয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও এলডিপি সভাপতি অলি আহমদ।

শনিবারের এই সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, যাতে সংলাপ নিয়ে সরকারের প্রস্তাবের প্রতিক্রিয়া তিনি জানাবেন বলে আশা করা হচ্ছে।

এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি এবং শরিক দলগুলোর নেতা-কর্মীরা মতিঝিলে জড়ো হতে শুরু করে।

দুপুর ২টায় জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সাভার ট্র্যাজেডিসহ বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মোনাজাতও পরিচালনা করেন তিনি।

ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রথমেই বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

সকাল ৮টা থেকে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী শাপলা চত্বরের সমাবেশস্থলের বাম দিকে অবস্থান নেয়।

‘অবৈধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’/ ‘রক্ত দেবো আরো দেবো, শেখ হাসিনাকে বিদায় দেবো’/  ‘গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাঈদীর মুক্তি চাই’- টানা এইসব স্লোগান দিয়ে যাচ্ছেন শিবিরকর্মীরা।

শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত বড় ডিজিটাল ব্যানারে ছেয়ে দিয়েছে তারা।

শাপলা চত্বর, ফকিরেরপুল, হাটখোলা, দৈনিক বাংলা মোড়, রাজউক এভিনিউ প্রভৃতি সড়কে ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেড়ে গেছে। সমাবেশেও অনেক ব্যানার রয়েছে।

সভা পরিচালনাকারী বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বারবারই সভাস্থল থেকে ব্যানার সরিয়ে নিতে বলছেন।

ছাত্রশিবির নেতার পর সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল। এরপর বক্তব্য শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভামঞ্চে রয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহম্মেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলীয় জোটের নেতারাও রয়েছেন মঞ্চে।

মঞ্চ শাপলা চত্বরে হলেও দৈনিক বাংলা মোড়, তোপখানা ও রাউজক এভিনিউ, ফকিরেরপুল, আরামবাগসহ হাটখোলা মোড় এলাকায় ছড়িয়ে পড়েছে জনসমাগম।

মঞ্চের সামনে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এরপর ছাত্রদলের নেতারা রয়েছেন। মঞ্চের উত্তর পাশে স্বেচ্ছাসেবক দল এবং পশ্চিম দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা রঙিন হলুদ-সবুজের গেঞ্জি ও লাল টুপি পরে অবস্থান নিয়েছে।

দৈনিক বাংলা মোড়, মতিঝিল, রাজউক এভিনিউ মোড়ে বড় পর্দা বসানো হয়েছে, যেখান থেকে খালেদা জিয়ার বক্তব্য দেখা ও শোনা যাবে। bnplive.com- এই ওয়েব ঠিকানায় দেখা যাবে পুরো সমাবেশ।

সভাস্থলের আশে-পাশের উঁচু ভবনে পুলিশের পাশাপাশি বিএনপির কর্মীরাও অবস্থান নিয়েছে। মঞ্চের চারপাশে ক্লোজসার্কিট ক্যামেরা বসিয়েছে পুলিশ।