২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল দিল ১৮ দলীয় জোটও

সাভারে বহুতল ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২ মে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:40 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

হরতাল ডেকেছে বাম দলগুলো
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

একই দিনে বাম দলগুলোরও হরতাল কর্মসূচি রয়েছে।

শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে জোটের বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সাভারের ঘটনায় ব্যাপক প্রাণহানির জন্য আজ সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। এর প্রতিবাদ আমরা হরতালসহ কর্মসূচি ঘোষণা করছি।”

অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- ৩০ এপ্রিল সারাদেশে শোক দিবস পালন। সেদিন রাজধানীসহ জেলা ও উপজেলায় শোক মিছিল হবে। বাড়ি-ঘর, দোকান-পাটে কালো পতাকা উত্তোলন করে এই শোক পালনের জন্য ১৮ দলীয় জোট দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছে।

এছাড়া ৪ মে রাজধানীতে জোটের উদ্যোগে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন খালেদা জিয়া।

সমাবেশস্থল সম্পর্কে জানতে চাইলে মওদুদ বলেন, “আমরা প্রথমে শাপলা চত্বর সমাবেশের জন্য অনুমতি চাইব। তা না পেলে আমরা কাকরাইলের নাইটেঙ্গপল রেস্তোরাঁর সামনে বিজয় নগর মোড়ে সমাবেশ করব।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে পৌনে ১১টায় ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়। এর আগে খালেদা জিয়া রাত সাড়ে ৯টায় দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাভার ঘটনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মওদুদ বলেন, “সাভারের ঘটনা নিছক কোনো দুঘর্টনা নয়। এটি একটি হত্যাযজ্ঞ ছিল। রানা প্লাজার ভবন ধসের ঘটনায় অসহায়ভাবে শ্রমজীবী মানুষ মৃত্যুবরণ করেছে যা বর্ণনাতীত। এই নিমর্ম ও নিষ্ঠুর ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের যুবলীগের স্থানীয় নেতা সোহেল রানা ও  স্থানীয় সাংসদ তৌহিদ তালুকদার জং মুরাদ জড়িত রয়েছে। পৈশাচিক হত্যাযজ্ঞের পর মুরাদ জংএর প্রত্যক্ষ মদদে রানা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি।”

অবিলম্বে তাদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

উদ্ধার অভিযানে সরকারের অবহেলা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে মওদুদ বলেন, “এর মাধ্যমে সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা ফুটে উঠেছে।”

১৮ দলীয় জোট ওই ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা সহমর্মিতা প্রকাশ করেন।

সাভারের ঘটনায় নিহত ও আহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা সরকারি অনুদান দেয়ারও দাবি জানিয়েছে ১৮ দলীয় জোট।

মওদুদ সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যেরও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, “সাভারের ভয়াবহ প্রাণহানি ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, আমরা এর নিন্দা জানাই। ১৮ দলীয় জোট অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রীর অপসারণ দাবি করছে।”

১৮ দলীয় জোটের বৈঠকে জামায়াতে ইসলামীর আবদুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, মাওলানা আবদুল হাসানাত আমিনী, খেলাফত মজলিশে মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ এর জেবেল রহমান গানি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের খোকন চন্দ্র দাশ প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।

এতে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।