২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে বাম দলগুলো

সাভারে ভবন ধসে বিপুল প্রাণহানির জন্য দায়ী ভবন মালিক, কারখানা মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে হরতাল ডেকেছে বামপন্থী দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের পরদিন ২ মে সারাদেশে এই হরতাল ডাকা হয়েছে।

মে দিবস পালনের পাশাপাশি ভবন ধসে প্রাণহানিকে ‘হত্যাকাণ্ড’ আখ্যায়িত করে এর প্রতিবাদে ২৮, ২৯ , ৩০ এপ্রিল দেশজুড়ে বিক্ষোভও করবে তারা।

ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চলার মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আলাদা সংবাদ সম্মেলনে একই কর্মসূচি দিয়েছে বামপন্থী আরো কয়েকটি দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চাও।

সিপিবি ও বাসদ শ্রমিক হত্যার জন্য দায়ী ভবন ও গার্মেন্ট মালিকদের এবং দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ভবন ধসে নিহতের সংখ্যা সাড়ে তিনশ’র কাছাকাছি পৌঁছেছে। নয় তলা ওই ভবনে পাঁচটি কারখানা ছিল। ভবনে ফাটল দেখা দেয়ার পরও তাতে ঢুকে কাজ করতে বাধ্য করা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ।

ভবন ধসের তৃতীয় দিন শুক্রবার দুই কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আটক হয়েছেন ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানার কয়েকজন স্বজনও। তবে রানা পলাতক।

সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ কারখানায় নিরাপত্তামূলক কর্মপরিবেশ সৃষ্টিসহ ১০টি দাবি তুলে ধরেন।

নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সিপিবি-বাসদ।

স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর পদত্যাগও চেয়েছে দল দুটি।

২০০৫ সালের স্পেকট্রাম গার্মেন্ট ধস এবং ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডসহ এই পর্যন্ত সংঘটিত সব ঘটনায় মালিক ও দায়িত্বে অবহেলাকারী সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে সিপিবি ও বাসদ।

পাশাপাশি কারখানাগুলোতে ট্রেড ইউনিয়নের অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি মাসিক ৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে দল দুটি।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধসহ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি এবং রাজনৈতিক সঙ্কট নিরসনের রাজনৈতিক দলগুলোর সংলাপের উদ্যোগ নেয়ার দাবিও জানিয়েছে সিপিবি-বাসদ।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ছিলেন।