‘সরকারের সহযোগিতায় পালিয়েছে রানা’
সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা সরকারের সহযোগিতায় পালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শনিবার বলেছেন, “সরকারের গড়িমসির কারণে তিন দিন পরও রানা প্লাজার মালিককে পুলিশ গ্রেপ্তার করেনি। তাকে পালিয়ে যেতে সরকার সহযোগিতা করেছে।”
রানাকে পুলিশ খুঁজছে বলে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তার অবস্থান জানতে পুলিশ কয়েকজন স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে।
মোশাররফ বলেন, “লোক দেখানোর জন্য এখন তার আত্মীয়-স্বজনকে আটক করা হয়েছে।”
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে সাভারের ভবন ধসে তিন শতাধিকের প্রাণহানির জন্য সরকারকেই দায়ী করেন তিনি।
মোশাররফ বলেন, “রানা প্লাজা একটি অননুমোদিত ভবন। মালিক ক্ষমতাসীন দলের হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণার পরও তা পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ইচ্ছাকৃতভাবে গরিব শ্রমিকদের মৃত্যুকূপে ঠেলে দেয়া হয়েছে।”
ভবন ধসের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টাও সরকার করছে বলে দাবি করেন তিনি।
“সরকার নানা কৌশল নিয়েছে। ঘটনার পর প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, রানা প্লাজার মালিক সোহেল রানা না কি যুবলীগের কেউ নন। স্বরাষ্ট্রমন্ত্রী ওই ভবন ধসের পেছনে বিরোধী দলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করেছেন।”
“এভাবেই সরকার মানবিক বিপর্যয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে ‘ব্লেইম গেইম’ অর্থাৎ বিরোধী দলের ওপর দোষ চাপানোর রাজনীতিতে মেতে উঠেছে।”
এই প্রাণহানির জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার, উদ্ধার অভিযান জোরদার এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান মোশাররফ।
“উদ্ধার অভিযান জোরদার করা গেলে অনেক মানুষকে বাঁচানো যেত। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, সাধারণ স্বেচ্ছাসেবকরা বেশি সক্রিয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি।”
আটক বিএনপি নেতাদের মুক্তি দাবিতে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের ওই আলোচনা সভায় খন্দকার মোশাররফ সাভারের মতো রাজনৈতিক বিপর্যয়ও দেশের সামনে রয়েছে বলে ক্ষমতাসীনদের সতর্ক করেন।
“সরকারকে বলব, আর কালবিলম্ব না করে নির্দলীয় সরকারের দাবি মেনে সংবিধানে ষোড়শ সংশোধনী সংসদে পাস করুন।”
বিএনপি নেতাদের মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সাভারে ভবন ধসের ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
“সরকার কয়েকটি তদন্ত কমিটি করেছে। এরকম পর্যায়ে প্রধানমন্ত্রী সংসদে উদ্দেশ্যমূলকভাবে সোহেল রানা সম্পর্কে বক্তব্য রেখেছেন, এটা ঠিক হয়নি।”
বিএনপি ক্ষমতায় গেলে রানার ‘মদদদাতা’ স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদসহ দায়ী অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা হবে, বলেন রফিকুল ইসলাম।
