২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারবিভাগীয় তদন্ত চায় বিএনপি

শ্রমিকদের ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ রানা প্লাজায় ডেকে ‘হত্যা’ করার অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

ভবন মালিক সোহেল রানা যুবলীগের কর্মী নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন,  “সাভারের ধ্বংসস্তুপ থেকে লাশের পর লাশ বের করে আনা হচ্ছে। এই প্রাণহানির ঘটনা ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা এই নির্মম ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাই।”

ঘটনার দিন ফাটল ধরা ওই ভবনে ‘বেতন দেয়ার কথা বলে’ শ্রমিকদের নেয়া হয় দাবি করে এম কে আনোয়ার বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ঢেকে এনে হত্যা করা হয়েছে।”

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজায় ধসের ঘটনায় নিহতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গেছে। শুক্রবার সেখানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে।

নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।

এ ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের আসামি করে মামলাও দায়ের করা হয়েছে।

তবে বৃহস্পতিবার জাতীয় সংসদে এই মর্মান্তিক ঘটনার ওপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানা সাভার যুবলীগ কমিটিতে নেই।

জাতীয় প্রেসক্লাবে ‘ঐতিহ্য সংসদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাংসদ এম কে আনোয়ার বলেন, “সাভারের বিভিন্ন স্থানে যুব লীগের যুগ্ম আহবায়ক সোহেল রানার পোস্টার টানানো আছে। আর দেশের প্রধানমন্ত্রী ঘটনার দুই দিন পর তার ( সোহেল রানা) সম্পর্কে বলছেন অন্য কথা।

“এদেশের সাধারণ নাগরিকরা মনে করেন, প্রধানমন্ত্রী আর কত নিচে নামবেন।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এম কে আনোয়ার বলেন, ‘‘ আপনার পিতা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। পোড়ামাটির নীতি অনুসরণ করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।’’

ঐতিহ্য সংসদের সভাপতি শেখ আবুল হোসেন মিঠুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাবেক ছাত্র নেতা রফিক শিকদার, ঐতিহ্য সংসদের নেতা শেখ নজরুল হোসেন এ আলোচনা সভায় বক্তব্য রাখেন।