২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে না এলে সিটও হারাবেন: শেখ হাসিনা

নির্বাচন বর্জন করা ‘ভুল’ হবে বলে বিরোধী দলকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 12:00 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

তিনি বলেছেন, “তাদের (বিএনপি) কিছু নির্দিষ্ট সিট আছে। নির্বাচনে না এলে ওই সিট তারা হারাবে।

“আর একবার সিট হারালে তা উদ্ধার করা কঠিন।”

দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির আপত্তির মধ্যে বৃহস্পতিবার গণভবনে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা একথা বলেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। তা না হলে নির্বাচন বর্জনের হুমকিও রয়েছে তাদের।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করে আসা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক-তত্ত্বাবধায়ক করছেন। ওই গ্যারান্টি কে দিচ্ছে- যাদের আপনি আনতে চাচ্ছেন, তারা যে আপনাকে ক্ষমতায় বসাবে।”

সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বাংলাদেশেও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে, বলেছেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন, “আমরা অনেক কষ্টে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি। সে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

“আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে চাই। যেন জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে।”

বিরোধী দলের ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ থেকে দেশকে রক্ষা করতে সর্বস্তরের জনগণের সহযোগিতাও চেয়েছেন শেখ হাসিনা।