২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে’

নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বানের জবাবে নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করতে বলেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন নাকচ করলেও তা মানতে বাধ্য করার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বলতে চাই, মেয়াদ শেষে নির্বাচন হবে। সেই নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনেই।

“আর সেখানে সৈয়দ আশরাফুল ইসলামের দল বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে। অন্যথায় তারাই গণবিচ্ছিন্ন হয়ে পড়বে।”

নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে একদিন আগেই সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কেউ যদি নির্বাচন থেকে বিরত থাকে, সেটা তাদের জন্য ‘রাজনৈতিক সুইসাইড’ ছাড়া কিছুই নয়।

সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তাতে আপত্তি বিএনপির।

বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের কোনো পরিকল্পনা সরকার সফল করতে পারবে না বলেও ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেন শামসুজ্জামান।

আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে দুই দিনের হরতালের প্রথম দিন শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

হরতালে প্রথম দিনে সারাদেশে ১৭০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শামসুজ্জামান, ফখরুলসহ শীর্ষনেতারা গ্রেপ্তার হওয়ার পর যিনি বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতালে পুলিশ ও সরকার সমর্থকদের হামলায় ২৯০ জন আহত হয়েছে।

হরতাল চলাকালে ৫ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা হয়েছে দাবি করে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ারও সমালোচনা করেন শামসুজ্জামান।

তিনি জানান, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মহিলা দলের সহসভাপতি নুরজাহান মাহবুব, মহানগর সাংগঠনিক সম্পাদক মিলি জাকারিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমীন নিলু, নির্বাহী সদস্য পলিসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

হরতালে জনদুর্ভোগের কথা স্বীকার করে শামসুজ্জামান বলেন, “নিজেদের খানিকটা অসুবিধা হলেও জনস্বার্থে মানুষজন তা সমর্থন করে। হরতাল অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি।”

Image
১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন রাজশাহীর হেতেমখাঁ সড়কে পিকেটারদের অবস্থান

১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন রাজশাহীর হেতেমখাঁ সড়কে পিকেটারদের অবস্থান

বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের সমালোচনা করে তিনি বলেন, “সরকার এখন হরতাল নয়, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতেও নির্মম-নির্দয় ব্যবহার করে।”

শীর্ষনেতাদের আটকের নিন্দা জানিয়ে শামসুজ্জামান বলেন, “সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ষড়যন্ত্র ও কূটকৌশলের আশ্রয় নিয়েছে। তবে দুঃশাসনের কারণে তারা নিজেদের ষড়যন্ত্রের চোরাবালিতে অচিরেই তলিয়ে যাবে।”

আওয়ামী লীগ নেতাদের সতর্ক করে কারাগারগুলো পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

“নির্বাচনের পরে ঠিক হবে কে বা কারা জেলে যাবে। চোর-ডাকাত, ছিনতাইকারী-লুণ্ঠনকারী, যারা দেশকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে, অত্যন্ত আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে, যারা তিন দিনে ২০০ মানুষকে হত্যা করেছে, বিডিআরের ৫৭জন কর্মকর্তাকে হত্যা করেছে, জেলে তো তাদেরই যেতে হবে।”

পুরনো খবর:

নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে আশরাফ
‘শক্ত’ হরতালের ঘোষণার পরও ‘ফাঁকা’ নয়া পল্টন