২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে আশরাফ

দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

“কেউ যদি নির্বাচন থেকে বিরত থাকে, সেটা তাদের জন্য রাজনৈতিক সুইসাইড ছাড়া কিছুই নয়,” বলেছেন তিনি।

গণভবনে সোমবার রাতে নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ একথা বলেন।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং আটক নেতাদের মুক্তি দাবিতে বিএনপির হরতাল শুরুর আগের দিন একথা বললেন তিনি।

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার হুমকি রয়েছে বিএনপি।

তবে আশরাফ আশা প্রকাশ করেছেন, বিএনপির ‘উপলব্ধি’ হবে এবং তারা নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ হয়েছে।

সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠন করে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময়ে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার বিষয়টিও তুলে ধরেন আশরাফ।

বিরোধী দলের হরতালের আগে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “হরতাল সাংবিধানিক অধিকার। কিন্তু, হরতালের আগে আগুন দেয়ার ঘটনা এখন শুরু হয়েছে।”

“নতুন নতুন দৃষ্টান্ত সৃষ্টি করাটা কারো জন্য ভালো হবে না,” রাজনীতিকদের সতর্ক করেন আশরাফ।

ভাংচুর করে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়ে না, বলেন তিনি।

বিরোধীদলকে সংসদে যোগ দিয়ে আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “আমরা তো কোনো শর্ত দিইনি। তবে, উচ্চ আদালতের রায় খণ্ডন করার ক্ষমতা কারো নেই।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের দেয়ার রায়ের পরিপ্রেক্ষিতে তার এই বক্তব্য।

আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নতুন স্পিকার নির্বাচন নিয়ে সংসদীয় বোর্ডের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে আশরাফ তা এড়িয়ে যান।

“আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয়ার আগে এই বিষয়টি নিয়ে আলোচনা রাজনৈতিক শালীনতায় পড়ে না,” বলেন তিনি।